ভোটে প্রার্থী বাছাই আ. লীগের
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মাগুরা সদরে নিজেদের প্রার্থী নির্বাচন করেছে তৃণমূল নেতাকর্মীদের ভোটে।
শনিবার শহরের আছাদুজ্জামান মিলনায়তনে এ ভোটের মাধ্যমে সদরের তিনটি পদেই সরকারি দল একক প্রার্থী চূড়ান্ত করে।
চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পঙ্কজ কুমার কুন্ডু, ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগ নেত্রী মিনতি রানী দত্ত সর্বাধিক ভোট পান।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ এম এস আকবর বলেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদেই দল থেকে একাধিক ব্যক্তি প্রার্থী হয়েছেন, যে কারণে দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী একক প্রার্থী নির্ধারণে তৃণমূলের ভোট নেয়া হয়েছে।
দেশের প্রায় পাঁচশ’ উপজেলা পরিষদের মধ্যে ১০২টিতে আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে ইসি গত ১৯ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৫ জানুয়ারি। বাছাই হয়েছে ২৭ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ৩ ফেব্রুয়ারি।
