কালো পতাকা মিছিলের অনুমতি চেয়েছে বিএনপি
দশম সংসদ অধিবেশনের শুরুর দিন ২৯ জানুয়ারি নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান থেকে কালো পতাকা মিছিলের জন্য ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
গত ১৫ জানুয়ারি গুলশানের ওয়েস্টিন হোটেলে খালেদা জিয়া ২৯ জানুয়ারির দেশব্যাপী বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। যৌথসভায় ওই দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
ফাইল ছবি
ফখরুল বলেন, “ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে এর সঙ্গে জনগণের সম্পর্ক নেই। বুধবার সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে। এর প্রতিবাদে ১৯ দলীয় জোট রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিল করবে।
“আমরা আশা করব, মহানগর পুলিশ আমাদের পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের অনুমতি দিয়ে সহযোগিতা করবে।”
গত ২৫ জানুয়ারি কাজী জাফর আহমদের নেতৃত্বে জাতীয় পার্টি জোটে যোগ দেয়ার পর এটি হবে ১৯ দলের প্রথম কর্মসূচি।
ফখরুল জানান, তারা নয়া পল্টন থেকে মিছিল শুরু করে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজারে গিয়ে শেষ করতে চান।
আর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরুর অনুমতি মিললে মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব, তোপখানা মোড়, বিজয় নগর, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজারে গিয়ে শেষ করার পরিকল্পনা ১৯ দলের।
যৌথ সভার শুরুতে চলমান গণতান্ত্রিক আন্দোলন ও ৫ জানুয়ারি নির্বাচনের আগে-পরে সহিংসতায় নিহতদের আত্মর মাগফেরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়।
