‘উপজেলা নির্বাচনে আসা মানে সরকারকে মেনে নেওয়া’
এ সরকারকে মেনে নিয়েই বিএনপি উপজেলা নির্বাচনে আসছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার চুয়াডাঙ্গায় তিনি সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাচনে অংশ নেয়া মানেই এ সরকারকে মেনে নেয়া।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন আর বিরোধী দলের নেতা নন ইঙ্গিত করে আমু বলেন, "এ সরকারকে মেনে নেওয়া মানেই এটাও মেনে নেওয়া যে, রওশন এরশাদ এখন বিরোধী দলের নেতা।"
দুপুরে দর্শনায় কেরু এন্ড কোম্পানি চিনিকল পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিল্পমন্ত্রী।
দশম সংসদ নির্বাচনের আগের প্রাণহানির জন্য বিএনপিকে দায়ী করে মন্ত্রী বলেন, আজকে তারা নির্বাচনে আসতে চাচ্ছে। তাহলে নির্বাচন প্রতিহতের নামে কেন এতগুলো মানুষ হত্যা করা হলো?
"নির্বাচনে আসার জন্য আমরা আহ্বানও জানাব, একই সঙ্গে এই মানুষ হত্যার জবাবও তাদেরকে দিতে হবে।"
শিল্পমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে অনেক শিল্প কল-কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা তার কিছু চালু করেছি। অনেক শিল্প প্রতিষ্ঠান ভর্তুকি দিয়ে চালানো হচ্ছে।
শুধু কেরু এন্ড কোম্পানি নয়, সব শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে বেলা ১২টায় দর্শনায় পৌঁছুলে মন্ত্রীকে কেরুর গেস্ট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর তিনি কেরুর চিনিকারখানা, ডিস্টিলারি (মদ উৎপাদন কারখানা) ও নির্মাণাধীন বায়ো-ফার্টিলাইজার (জৈব সার) কারখানা পরিদর্শন করেন।
এরপর গেস্ট হাউজে কেরুর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন শিল্পমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, শিল্প সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ, চিনি ও খাদ্য-শিল্প করপোরেশনের চেয়ারম্যান মাহমুদ-উল হক ভুঁইয়া প্রমুখ।
তারপর বিকাল ৪টায় দর্শনা বাজার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।
