নেতাকর্মীদের জন্য যুবদলের দোয়া-বিক্ষোভ কর্মসূচি
নিহত ও বন্দি নেতাকর্মীদের জন্য দোয়া ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুব দল।
শনিবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে আটক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় ৩১ জানুয়ারি সারাদেশে মসজিদ, মন্দির ও প্যাগোডায় দোয়া দিবস এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২ ফেব্রুয়ারি জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে।
অন্য দাবির মধ্যে রয়েছে- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কটূক্তিপূর্ণ বক্তব্য দেয়া বন্ধ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শীর্ষ পর্যায়ের নেতাদের মুক্তি।
সালাম আজাদ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গত তিন মাসে সারাদেশে যুবদলের ৯১ জন নেতাকর্মী সরকারের নির্যাতন ও গুলিবর্ষণে নিহত হয়েছে। সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরবসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিং কক্ষে এই সংবাদ সম্মেলনে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় অনেক নেতারা উপস্থিত হননি।
নিজের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে উল্লেখ করে এই যুবদল নেতা বলেন, “সংগঠনের সভাপতির বিরুদ্ধে ১০৩টি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ১০০টিসহ কেন্দ্রীয় নেতা মামুন হাসান, এস এম জাহাঙ্গীর, হামিদুর রহমান হামিদ, রফিকুল আলম মজনুসহ অনেক কেন্দ্রীয় নেতা মিথ্যা মামলার শিকার হয়েছেন।
“সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ আওয়ামী লীগের ক্যাডারদের হাতে ৯১ জন নেতাকর্মী নিহত হয়েছেন।”
নেতাকর্মীদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সহসভাপতি আবদুল বারী ড্যানি, কে এম আই খলিল, মীর রবিউল ইসলাম লাবলু, সেলিমুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, খালেক হাওলাদার, অমলেন্দু দাশ অপু, খন্দকার মাশকুর রহমান, আলী আকবর চুন্নু, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেলন হক ও দপ্তর সম্পাদক কাজী রফিক উপস্থিত ছিলেন।
