২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভয়’ ঢাকতে জোর গলা: মোশাররফ

সরকারের মন্ত্রীদের বক্তব্যের জবাবে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ভোটারবিহীন’ নির্বাচনে ক্ষমতায় যাওয়ায় নৈতিক জোর না থাকায় তা ঢাকতে গলার এই জোর।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 03:45 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

তিনি শনিবার এক আলোচনা সভায় বলেন, “রাতে কবরস্থান কিংবা শ্মশানের কাছ দিয়ে যাওয়ার সময় ভয়ে মানুষ যেভাবে উঁচু গলায় গান গেয়ে চলে। সেরকম জনগণের ভয়ে মন্ত্রীরা এখন দম্ভ করে কথা বলছেন।সরকার অন্তঃসারশূন্য, সেজন্য তারা বড় গলায় কথা বলছেন।”

ভোট বর্জনকারী বিএনপির সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বানের প্রতিক্রিয়ায় গত কয়েকদনি ধরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন বক্তব্যে বলে আসছেন যে এই সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে।

সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বক্তব্য রেখেছেন তোফায়েল। আমু বলেছেন, শেখ হাসিনার সরকারকে স্বীকার করেই আলোচনায় আসতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, এই সরকার জনগণের নয়, গায়ের জোরের সরকার। এরা ক্ষমতা ছাড়বে না। আন্দোলনে মাধ্যমেই এই সরকারকে টেনে-হিঁচড়ে নামাতে হবে।”

এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির এই নেতা।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের ওই আলোচনা সভায় তিনি জাতীয় পার্টির সরকারের পাশাপাশি বিরোধী দলে থাকার সমালোচনা করেন।

“জাতীয় পার্টি সরকারের মন্ত্রিসভায় আছে, আবারা বিরোধী দলের নেতাও। দলটির চেয়ারম্যান এরশাদ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতও হয়েছে। এরকম অদ্ভুত সংসদের অস্তিত্ব বিশ্বে নজিরবিহীন।”

নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সব দলের অংশগ্রহণে নতুন করে নির্বাচন অনুষ্ঠানে তাদের আহ্বানের কথাটিও স্মরণ করিয়ে দেন বিএনপির এই নীতি-নির্ধারক।

স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রেজাউর রহমান রিপন, সহসভাপতি সাইফুল ইসলাম পটু, মারুফ আল হাসান, গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, ওয়াহেদ বিন ইমতিয়াজ বকুল, প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু বক্তব্য রাখেন।

‘হাসিনার সরকার মানা ছাড়া বিএনপির উপায় নেই’

সংলাপ উড়িয়ে দিলেন তোফায়েল

সংলাপ চাইলে উস্কানি নয়: কাদের