প্রতিশোধ নয়, প্রতিরোধ: কাদের
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার মধ্যে নেতাকর্মীদের হতাহতের ঘটনায় প্রতিশোধ না নিলেও ভবিষ্যতে আক্রমণ হলে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগনেতা ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বসুরহাটে এক জনসভায় নেতাকর্মীদের সামনে এ ঘোষণা দেন তিনি।
দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আজো প্রতিশোধের রাজনীতি করতে চাই না।
“আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না, কিন্তু কেউ আক্রমণ করলে তা প্রতিহত করা হবে।”
হামলা প্রতিরোধে নিজেদের সংগঠিত সক্ষমতা বাড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “রাজনৈতিক নেতাকর্মীদেরকে র্যাব-পুলিশ আর বিজিবি দিয়ে রক্ষা করতে পারবো না; র্যাব-পুলিশ-বিজিবি দিয়ে রক্ষা করবো জনগণের জান-মাল।
মন্ত্রী বলেন, “দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিবাদ-এই তিন শত্রুর বিরুদ্ধে সরকার আপোষহীন লড়াই চালিয়ে যাবে।”
বসুরহাট রূপালী চত্বরে উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার চেয়ারম্যান আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে জামায়াত-শিবিরের দেয়া আগুনে পুড়ে যাওয়া সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি।
