চবিতে সংঘর্ষের জন্য প্রশাসন দায়ী: প্রগতিশীল ছাত্রজোট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় প্রশাসনকে দায়ী করেছে প্রগতিশীল ছাত্র জোট।
বৃহস্পতিবার দুপুরে জোটের পক্ষ থেকে চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চবি শাখার সভাপতি রাশিদুল সামির লিখিত বক্তব্যে এ কথা বলেন।
লিখিত বক্তব্যে দখলদারিত্ব ও মৌলবাদ মুক্ত ক্যাম্পাস,সাম্প্রদায়িক সংগঠন নিষিদ্ধ,জীবনের নিরাপত্তাসহ শিক্ষার্থীদের সেশনজটমুক্ত স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিতকরণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের পাঁচ দফা দাবি তুলে ধরে প্রগতিশীল ছাত্রজোট।
এছাড়া জোটের পক্ষ থেকে ১৮,২০ ও ২৫ জানুয়ারি বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ছাত্র সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাশিদুল সামির ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নোবেল, ছাত্র ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত জোনায়েদ,ছাত্র ফ্রন্ট কর্মী ফজলে রাব্বিসহ অন্যান্যরা।
