সাম্প্রদায়িক হামলার ‘নিরপেক্ষ’ তদন্ত দাবি খালেদার
নির্বাচনোত্তর সাম্প্রদায়িক হামলার ‘নিরপেক্ষ’ তদন্ত দাবি করেছেন খালেদা জিয়া।
সরকার তা না করলে ক্ষমতায় গেলে প্রয়োজনে জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে সম্পৃক্ত করে এর তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
দশম সংসদ নির্বাচনের পর বুধবার গুলশানের ওয়েস্টিন হোটেলে প্রথম সংবাদ সম্মেলনে আসেন খালেদা, যিনি ওই ভোট ঠেকানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
৫ জানুয়ারি ভোটের পর যশোর, দিনাজপুর ও গাইবান্ধায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। আওয়ামী লীগের দাবি, ভোটবিরোধী বিএনপি ও জামায়াতে ইসলামী এই হামলা চালিয়েছে।
এই হামলায় বিরোধী জোটের সম্পৃক্ততা নেই দাবি করে খালেদা অভিযোগ করেছেন, ‘প্রহসনের’ নির্বাচন থেকে দেশবাসী ও বিশ্ববাসী দৃষ্টি ঘোরাতে সরকারই এর ইন্ধন যুগিয়েছে।
তিনি বলেন, “আমি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও এহেন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ও বিস্তার রোধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবি করছি।
“সরকার নিরপেক্ষ তদন্ত না করলে আগামীতে বিচার বিভাগীয় তদন্ত, প্রয়োজনবোধে জাতিসংঘ মাবাধিকার সংস্থাকে সম্পৃক্ত করে তদন্ত করা হবে।”
এই হামলার আশঙ্কার কথা জানিয়ে বিরোধী জোটের পক্ষ থেকে আগে থেকে সতর্ক করা হলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার ছিল বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন।
“সরকারের ইঙ্গিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিকার ভূমিকায় ইতোমধ্যে অনেক জায়গায় নির্মম ও ন্যক্কারজনক হামলা ঘটনা ঘটে গেছে।”
“সঙ্গে সঙ্গে বিরোধী দলকে দায়ী করে অপপ্রচার শুরু এবং নিরাপরাধ নেতা-কর্মীদের ওপর অত্যাচারের মাত্রা বাড়ানো হয়েছে। অথচ আক্রান্তদের বক্তব্য ও সংবাদ মাধ্যমের প্রচারিত তথ্য থেকে জানা যাচ্ছে যে শাসক দলের লোকজনই ওই সব হামলায় জড়িত।”
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি নেতা-কর্মী ও নাগরিকদের প্রতি আহ্বান জানান খালেদা।
তিনি বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঘৃণ্য ও সুপরিকল্পিত হামলার ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা হচ্ছে। এসব থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
বিএনপি সব ধর্মের-সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, বলেন খালেদা।
‘খালেদার নেতৃত্বেই সংখ্যালঘুদের উপর আক্রমণ’
