২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি সফলে সফরে বের হবেন খালেদা

‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি সফলে সফরে বের হবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 06:12 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

কোনো কূল আমরা হারাইনি: খালেদা

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর বুধবার প্রথম সংবাদ সম্মেলনে এসে এই সরকারকে অবৈধ আখ্যায়িত করেন তিনি। আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সংলাপেও রাজি থাকার কথা বলেছেন তিনি।

দশম সংসদ নির্বাচন ভোটাররা বর্জন করেছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানাতে ২০ জানুয়ারি সারাদেশে গণসমাবেশের কর্মসূচি দিয়েছেন ১৮ দলীয় জোট নেত্রী। কেন্দ্রীয় সমাবেশ হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

তিনি বলেন, “৫ জানুয়ারি আওয়ামী প্রহসন হাতে-কলমে প্রমাণ করেছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান কতটা যৌক্তিক। প্রমাণ হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে পারে না।

“প্রহসনের ভোটে দেশের জনগণ অন্যায়, অবিচার, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যাকারী সরকারের বিরুদ্ধে নিরব বিপ্লব ঘটিয়েছে।”

বর্তমানে দেশ গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে দাবি করে তা পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন খালেদা।

দশম সংসদ অধিবেশনের প্রথম অধিবেশন শুরুর দিন ২৯ জানুয়ারি রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, “আমাদের নেতৃবৃন্দ এবং আমি নিজেও দেশের বিভিন্ন অঞ্চল সফর করব।”

গুলশানের ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে ৩২ মিনিট ধরে পড়া লিখিত বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন খালেদা। লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের পাঁচটি প্রশ্নের উত্তর দেন তিনি।

সংবাদ সম্মেলনের আগে দশম সংসদ নির্বাচন নিয়ে ৪৫ মিনিট দীর্ঘ ‘ইলেকশন অব ফার্স অ্যান্ড ফগ’ শীর্ষক একটি তথ্যচিত্র দেখানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শমসের মবিন চৌধুরী, মাহমুদুল হাসান, শাহজাহান ওমর, ওসমান ফারুক, রিয়াজ রহমান, ফজলুর রহমান পটল, আবদুল মান্নান, মুশফিকুর রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, এ জে মোহাম্মদ আলী, হায়দার আলী, আহমেদ আজম খান, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ শাহজাহান, জয়নুল আবদিন ফারুক, এম এম শাহীন, শিরিন সুলতানা, মারুফ কামাল খান।

১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন অলি আহমদ, আন্দালিব রহমান পার্থ, রেদোয়ান উল্লাহ শাহেদী, আবদুল লতিফ নেজামী, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, শফিউল আলম প্রধান, খন্দকার লুৎফর রহমান, খন্দকার গোলাম মুর্তজা, এএইচএম কামরুজ্জামান খান, মোস্তাফিজুর রহমান ইরান, আবদুল মোবিন, জেবেল রহমান গানি, শেখ আনোয়ারুল হক, আহমেদ আবদুল কাদের, সৈয়দ মাহবুব হোসেন, সাইফুদ্দিন মনি।