আনন্দ নয়, সামনে চ্যালেঞ্জ: নাসিম
একযুগ পর সচিবালয়ে পা ফেলে নতুন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এখন সামনে চ্যালেঞ্জ যে কোনো পরিস্থিতিতে শান্তি স্থাপন করা।
সোমবার নিজের দপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “১২ বছর পর মন্ত্রণালয়ে আসলাম। তবে এখন আনন্দের সময় নয়। চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় এসেছি। যে কোনো পরিস্থিতিতে শান্তি স্থাপন করতে হবে।”
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই মেয়াদে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই মূল মনোযোগ দেবেন বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
নাসিম বলেন, “জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, আমি যেন তার সামান্য কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে পারি।”
জেলা শহরগুলোতে চিকিৎসক স্বল্পতা বিষয়ে এক প্রশ্নে উত্তরে তিনি বলেন, “আমি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।
মন্ত্রী প্রশ্ন করেন, “ইউএনও-ম্যাজিস্ট্রেটরা যদি জেলা শহরে থাকতে পারলে চিকিৎসকদের অনীহা হবে কেন?
“আমরা সবাই চাই, তারা কাজ করুন।”
এছাড়া অবরোধ প্রত্যাহার করায় বিএনপিকে ধন্যবাদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নাসিম।
তিনি বলেন, “বিএনপিকে ধন্যবাদ জানাই। অবরোধ প্রত্যাহারের মাধ্যমে তারা সুবুদ্ধির পরিচয় দিয়েছেন। যদি তারা জামায়াতের সঙ্গ ত্যাগ করেন, তাহলে দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হবে।”
শেখ হাসিনার সরকারের ঠাঁই না পাওয়া নাসিম দশম নির্বাচনের পর বর্তমান ৪৯ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।
এর আগে ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে ডাক ও টেলিযোগাযোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের দায়িত্ব পালন করেন।
