গণতন্ত্রের ‘অশুভযাত্রা’: ফখরুল
দশম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারের শপথ নেয়াকে ‘গণতন্ত্রের অশুভযাত্রা’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের পর এক বিবৃতিতে তিনি এ সরকারকে ‘অবৈধ’ বলেও আখ্যায়িত করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নবগঠিত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি করেছেন।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করেছে। এই নির্বাচনে ১৫৩ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় একে ‘ইলেকশনের নামে সিলেকশন’ বলছে বিএনপি।
বিবৃতিতে ফখরুল বলেন, “দেশের জন্য আজ একটি কালো দিন। উদ্ভট, হাস্যকর তথাকথিত মহাজোটের একতরফা ভোটারবিহীন নির্বাচনের সাজানো নাটকের মধ্য দিয়ে জনসমর্থহীন একটি স্বৈরতান্ত্রিক সরকার জনগণের ওপর চাপিয়ে দেয়া হল।
“গণতন্ত্রকামী স্বাধীনচেতা মানুষ কোনোদিনই এই সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে না, মেনে নেবে না। আমরা এই অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক পদক্ষেপের নিন্দা জানাচ্ছি।”
বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ৫ জানুয়ারির ভোট প্রতিহতের আহ্বান জানিয়ে হরতাল-অবরোধ ডেকেছিল।
সংঘাত-সহিংসতার মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার পর তা বাতিলের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক সমঝোতা হলে মধ্যবর্তী নির্বাচন হবে, তবে ধ্বংসাত্মক কর্মসূচি ছাড়তে হবে বিএনপিকে।
ফখরুল বলেন, “বিরোধী দল যখন দেশের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে চলছে, তখন আওয়ামী লীগ সকল গণতান্ত্রিক রীতিনীতি ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে অবৈধ সরকার গঠনের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের পথে চলতে শুরু করল।”
নতুন সরকারের শপথ নেয়ার সমালোচনা করে তিনি বলেন, “আজ অনৈতিক ও অবৈধ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের অশুভযাত্রা শুরু হলো।
“আমরা মনে করি, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিমার যাত্রা শুরু হল।”
সমঝোতা হলে ব্যবস্থা: হাসিনা
কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান ফখরুলের
