২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে ভাষণ দেবেন না জাপার কেউ

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতীয় পার্টির কোনো নেতা ভাষণ দেবেন না বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 12:49 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় একথা জানান তিনি।

৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে থাকা ১২টি দলের মধ্যে ছয়টির প্রধান বা তাদের প্রতিনিধিরা বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেয়ার সুযোগ পাচ্ছেন।

এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪০ মিনিট, জাতীয় পার্টি ২০ মিনিট এবং জাতীয় পার্টি জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ১৫ মিনিট করে সময় পাচ্ছে।

অন্যরা ভাষণ দিলেও জাতীয় পার্টির অবস্থান জানিয়ে আনিসুল ইসলাম বলেন, “আমাদের দলীয় ভাষণ দেওয়া হচ্ছে না।”

এসময় কেন বিটিভিতে জাতীয় পার্টি ভাষণ দিচ্ছে না তা ব্যাখ্যা করেননি তিনি।

নির্বাচনে প্রার্থী বাছাই ও দলীয় নেতাদের মনোনয়নপত্র জমা দেয়ার পর গত ৩ ডিসেম্বর নাটকীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। এরপর গত ১২ ডিসেম্বর রাতে র‌্যাবের পাহারায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।

এরশাদের সামরিক হাসপাতালে নেওয়া নিয়ে দলীয় নেতাকর্মীরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় আনিসুলকে।

“চেয়ারম্যান সিএমএইচে আছেন, রওশন এরশাদ স্বাস্থ্যগত কারণে আসতে পারেননি। আর মহাসচিব নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় আসেননি,” উত্তর দেন তিনি।