২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস-লঞ্চ বন্ধের পাঁয়তারা হচ্ছে: বিএনপি

বিরোধীদলের রোববারের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের ঢাকায় আসতে না দিতে সরকার গণপরিবহণ বন্ধের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 02:32 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন তিনি।

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “সরকার পরিকল্পিতভাবে ২৯ তারিখের ঢাকা অভিমুখে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে বাধা দিচ্ছে। তারা বাস-লঞ্চ-ট্রেন বন্ধ করে দেয়ার পাঁয়তারা করছে, যাতে মানুষ ঢাকায় আসতে না পারে। এভাবে গোটা দেশকে তারা অবরুদ্ধ করে ফেলেছে।

“কেবল তাই নয়, সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে সরাসরি না হলেও পরোক্ষভাবে অবরুদ্ধ করে রেখেছে। তার গুলশানের বাসায় কোনো নেতৃবৃন্দকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন করার জন্য সরকার এই কৌশল নিয়েছে।”

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ (গণতন্ত্রের অভিযাত্রা) কর্মসূচি ঘোষণা করার পর তার গুলশানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই দিন রাতেই বেশ কয়েকজন নেতাকে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। এর পর থেকে দলের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারছেন না।

রোববারের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির সফলতা কামনা করে মাহবুবুর রহমান বলেন, “সরকার এই কর্মসূচিকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোনো ষড়যন্ত্র ওই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না।”

তিনি বলেন, “দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার যে নীল নকশার নির্বাচন করছে, দেশি-বিদেশি আন্তর্জাতিক মহল একে সমর্থন দিচ্ছে না। তারা ওই একদলীয় নির্বাচন প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছে। এরপরও সরকার একগুঁয়েমি করে মানুষের ভোটাধিকার হরণে নির্বাচন করতে যাচ্ছে।”

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দেন দলের অন্যতম শীর্ষস্থানীয় এই নেতা।

জিয়ার কবরে ফুল দেয়ার সময় সংগঠনের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মুনির খান, দলের সহ সভাপতি সেলিমা রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।