২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় আ. লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার এক আসামিক গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 10:01 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার পারুলিয়া বাজার এলাকা থেকে ইব্রাহীম হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। রাতেই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ইব্রাহীম উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে আরডিপি নামের একটি ইসলামী এনজিওর পারুলিয়া ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক। তিনি উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের শামছুদ্দীন গাজীর ছেলে।

দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস সাংবাদিকদেরকে জানান, ইব্রাহীম থানায় জিজ্ঞাসাবাদে পারুলিয়ায় সেন্ট্রাল ফ্যাশানে কয়েকদিন আগে আগুন দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এক পর্যায়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যাকাণ্ডে জড়িত বলেও স্বীকার করেন।

ওসি আরো জানান, পরে রাতে তাকে সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক গোলাম নবীর আদালতে হাজির করা হলে তিনি আবু রায়হান হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ইব্রাহীমের বিরুদ্ধে দেবহাটা থানার এসআই ইউনুস আলী বাদী হয়ে মঙ্গলবার সেন্ট্রাল ফ্যাশানে আগুন দেয়ার ঘটনায় একটি মামলা দায়ের করেন। এছাড়া রায়হান হত্যাকান্ডে সোমবার দেবহাটা থানায় তার মা জাহানারা খাতুনের দায়েররা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২১ নভেম্বর পারুলিযায় আবু রায়হানকে হত্যা করা হয়।