পুলিশ হত্যা মামলায় খোকা-হান্নান রিমান্ডে
হেফাজতের তাণ্ডবের দিনে পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতা আ স ম হান্নান শাহ ও সাদেক হোসেন খোকাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান মঙ্গলবার জামিন নাকচ করে এই আদেশ দেন।
৫ মে এস আই শাজাহান হত্যার ঘটনায় মতিঝিল থানার এই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ও সহ সভাপতি খোকাকে সাত দিন করে রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সরোয়ার আলম।
শুনানি শেষে বিচারক দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
হেফাজতকাণ্ডের অপর দুটি মামলায় হান্নান শাহকে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একই আদালতে আবেদন করেছিল পুলিশ। তবে শুনানি শেষে তা নাকচ করেছেন বিচারক।
এর বদলে আসামিকে ১০ দিনের মধ্যে কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাদের অনুমতি দিয়েছেন তিনি।
খোকা ও হান্নান শাহর পক্ষে জামিনের আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে দেন।
শুনানির জন্য দুই বিএনপি নেতাকে সকালেই আদালতে নিয়ে আসা হয়। তাদের পক্ষে শুনানি করেন সানউল্লাহ মিয়া, বোরহান উদ্দিন ও মাসুদ আহমেদ তালুকদার।
গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। দিনভর তাণ্ডব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে।
এ সব ঘটনায় তিনটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা করে পুলিশ, যাতে হেফাজতের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদেরও আসামি করা হয়।
