৩ বিকল্প দেখছেন কাজী জাফর
বিরোধী জোটের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানিয়ে নবগঠিত জাতীয় পার্টির আন্দোলনের কৌশল ঠিক করতে তিনটি বিকল্প নিয়ে ভাবছেন দলটির প্রধান কাজী জাফর আহমদ।
জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করা কাজী জাফর শুক্রবার প্রেসক্লাবে দলের বিশেষ কাউন্সিলে এই ভাবনার কথা তুলে ধরেন।
সম্মেলনে সভাপতির ভাষণে তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য ১৮ দলীয় জোট দেশব্যাপী আন্দোলন গড়ে তুলেছে। আজ আনুষ্ঠানিকভাবে আমি ঘোষণা করছি, এই আন্দোলনের সাথে একাত্ম হওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করলাম।
“আমাদের সামনে এখন তিনটি পথ আছে- এক: জাতীয় পার্টি তার নিজের ব্যানারে যুগপৎভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারে, দুই: অন্যান্য যেসব পার্টির নেতৃবৃন্দ আজকের কাউন্সিল সভায় উপস্থিত হয়েছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন চালিয়ে যেতে পারে, তিন: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে একাত্ম হতে পারে।”
সম্মেলনে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে কাজী জাফর বলেন, “এই তিনটি বিকল্প এখন আমাদের সামনে উপস্থিত। এর মধ্যে কোনটা গ্রহণ করা হবে তা পার্টির প্রেসিডিয়ামে আলোচনা করে দ্রুতই আপনাদের জানানো হবে।”
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম সাবেক বামপন্থী শ্রমিক নেতা কাজী জাফর আহমদ তিন দশকেরও বেশি সময় এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে ছিলেন। সম্প্রতি দলের শৃঙ্খলাবিরোধী বিবৃতি দেয়ায় পার্টির প্রেসিডিয়াম ফোরামের জ্যেষ্ঠ এই সদস্যকে বহিস্কার করেন দলের চেয়ারম্যান এরশাদ।
জবাবে এরশাদকে পাল্টা বহিস্কার করে আলাদা জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন তিনি, যার কাউন্সিল ছিল শুক্রবার।
সাবেক সামরিক স্বৈরশাসক এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সাবেক এই শ্রমিক নেতা এরশাদ প্রসঙ্গে বলেন, “আমাদের পার্টির এককালীন চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। শুধু এটুকু বলব- তিনি বলছেন তিনি আটক, কারারুদ্ধ। কিন্তু তিনি সবার সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, পার্টি পরিচালনা করতে পারেন। আটক কিংবা কারারুদ্ধ অবস্থায় এসব কীভাবে সম্ভব তা আমি বুঝি না।
“আমি এটাও বুঝলাম না, আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক কেনই বা তার মুক্তি দাবি করে নোটিস পাঠালেন, কেনই বা পাঠানোর ৪৫ মিনিটের মাথায় প্রত্যাহার করে নিলেন।”
দলের আনুষ্ঠানিক কাউন্সিল এবং ১৮ দলীয় জোটের আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ‘নব অভিযান’ শুরু হল বলেও মন্তব্য করেন তিনি।
কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির এই বিশেষ কাউন্সিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
মাহবুবুর রহমান বলেন, “দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। বর্তমানে সরকার দেশকে যে পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছে, এ থেকে উত্তরণ করতে হলে জাতীয় পার্টিসহ আমাদের গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”
বদরুদ্দোজা চৌধুরী বলেন, “এখানে উপস্থিত আমরা সবাই একযোগে কাজ করব না কি আলাদাভাবে কাজ করব তা ভবিষ্যত বলে দেবে। আমি আনন্দিত হব, যদি আমরা একসাথে কাজ করি।”
আ স ম আব্দুর রব বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে কাজী জাফর যে উদ্যোগ নিয়েছেন, সে জন্য আমি তাকে সাধুবাদ জানাই। জনগণের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা পোষণ করি।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী সেলিমা রহমান, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব গোলাম মসিহ্, প্রেসিডিয়াম সদস্য টি এম ফজলে রাব্বী চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক জাফরুল্লাহ ও পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
