২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একতরফা নির্বাচন বন্ধ না হলে আগুন জ্বলবে: খন্দকার মাহবুব

একতরফা নির্বাচনের কার্যক্রম বন্ধ না হলে দেশে আগুন জ্বলবে বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

একই সঙ্গে এই নির্বাচনকে একতরফা আখ্যায়িত করে তাতে সেনাবাহিনীকে যুক্ত না করার দাবি জানান তিনি।

শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় সরকারের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুবব বলেন, “প্রধানমন্ত্রীকে বলব, এখনো সময় আছে, একতরফা নির্বাচন নিয়ে তামাশার খেলা বন্ধ করুন। নবম সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। নইলে দেশে ভয়াবহ আগুন জ্বলবে। তাতে আপনাদের পরিণতি ভয়াবহ হবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিরোধিতা করে তিনি বলেন, “সরকারকে বলব, বির্তকিত এই নির্বাচনে আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীকে যুক্ত করবেন না।”

সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “১৫৪টি আসন সরকার ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতার নাম করে বরাদ্দ করে দিয়েছে। এভাবে তারা নির্বাচন নিয়ে তামাশা করছে। এটা  দেশের মানুষ কখনো মেনে নেবে না। অবশ্যই প্রতিরোধ করা হবে।’’

“সরকারকে বলব, দেশের মানুষের দাবি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পরমার্শ অনুযায়ী বর্তমান সংসদ ভেঙ্গে নিয়ে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন।’’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খন্দকার মাহবুব বলেন, “আপনি একচ্ছত্র ক্ষমতার বলে যা কিছুই করুন না কেনো একাদশ সংসদের কথা ভুলে যান। দশম সংসদ নির্বাচন আপনার দল আসতে পারবে কিনা তা ভেবে দেখুন।’’

তিনি বলেন, “যৌথ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এসব ঘটনা একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী করেছিল।

‘‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলব, গণতন্ত্রকামী মানুষের ওপর এভাবে হামলা ও গুলিবর্ষণ করবেন না। একবার চিন্তা করে দেখুন- যাদের ওপর গুলি করছেন, তারা আপনারই ভাই-বোন। তারা এদেশেরই সন্তান। মনে রাখবেন, এই পরিস্থিতি সব সময় থাকবে না। যেকোনো সময় তা ঘুরে যেতে পারে।’’

সংগঠনের সভাপতি নুরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের চেয়াররপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, সহ তথ্যবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও নির্বাহী কমিটির সদস্য জেলা খান বক্তব্য রাখেন।