সরকারের কারণে ‘লজ্জা’ দিয়েছে ইইউ: বিএনপি
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের অনুষ্ঠানে ইউরোপের রাষ্ট্রদূতদের অনুপস্থিতি সরকারের ‘প্রহসনের নির্বাচনের’ বিরুদ্ধে এক ধরনের ‘প্রতিবাদ’ বলে মনে করছে বিএনপি।
‘একতরফা নির্বাচনের’ বিরুদ্ধে অবরোধের মধ্যে বুধবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আন্দোলন আরো জোরদারের হুঁশিয়ারি দেন।
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতরা অংশ নেননি। তাদের পক্ষ থেকে বলা হয়, ওই সময়ে তাদের একটি সভা ছিল। পরে বঙ্গভবনের অনুষ্ঠানে তারা যোগ দেন।
ইইউ রাষ্ট্রদূতদের আচরণ কূটনীতিক শিষ্টাচারবর্হিভূত কর্মকাণ্ডের পর্যায়ে পড়ে কি না- প্রশ্ন করা হলে সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, “কূটনৈতিক শিষ্টাচারে সঠিক না বেঠিক হয়েছে, তা বিষয় নয়। এটা আমাদের জন্য লজ্জাজনক ঘটনা। সরকারের কারণেই এটা হয়েছে।
“এটা স্বাভাবিক ঘটনা নয়। সরকারের অগণতান্ত্রিক আচরণ ও নির্বাচন নামে প্রহসনের বিরুদ্ধে এটি এক ধরনের প্রতিবাদ বলে আমরা মনে করি।”
এজন্য সরকারকে কেন দায়ী করছেন- প্রশ্ন করা হলে বিএনপি নেতা বলেন, “সরকারকে দায় দিচ্ছি এই কারণে যে তাদের অগণতান্ত্রিক আচরণে এই ঘটনা ঘটেছে। তারা রাষ্ট্রের সরকার নয়, দলীয় সরকারের মতো আচরণ করছে। জনগণকে অশ্রদ্ধা ও অসম্মান করছে।”
মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাতে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন নজরুল।
এতে জানানো হয়, অবরোধের দ্বিতীয় দিনে সারাদেশে ৩৭৩ জন গ্রেপ্তার ও ২ হাজার ৭ জন নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নজরুল বলেন, “১৯৭২-৭৫ সালে তৎকালীন সরকার রক্ষী বাহিনী দিয়ে নকশাল নিধনের নামে দেশে হাজার হাজার মানুষকে হত্যা করে যে নিষ্ঠুরতায় মেতে উঠেছিলো, বর্তমান সরকার তাদের পদাঙ্ক অনুসরণ করে বিপক্ষ শক্তিকে নিধনের খেলায় মেতে উঠে ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছে।”
“আমরা বলতে চাই, ক্ষমতার দাম্ভিকতা চিরস্থায়ী হবে না। সরকারের বিরুদ্ধে গণজোয়ার থামাবার নয়। নির্যাতন যতই বাড়বে, আন্দোলনের তীব্রতা ততই বৃদ্ধি পাবে,” সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা, আবদুল আউয়াল মিন্টু, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন চৌধুরী, রুহুল কবির রিজভী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, গোলাম আকবর খন্দকার, সুলতান সালাহউদ্দিন টুকু, বেলাল আহমেদ, মীর শরফত আলী সপু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিবসহ আটক সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেন তিনি।
অসুস্থ রিজভীর সুচিকিৎসার দাবি জানিয়ে নজরুল বলেন, “বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রিজভীকে আবারো কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা এই হাসপাতালে হওয়ার কথা ছিল। আমরা জানতে পেরেছি, তিনি কারাগারে ভীষণ অসুস্থ হয়ে আছেন।”
বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি নেতা নজরুল বলেন, “এই সরকারের আমলে অনেক হত্যাকাণ্ড হয়েছে, কোনোটিরই বিচার হয়নি। এরমধ্যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার তাড়াতাড়ি হয়েছে, এটা ভালো খবর।
“তবে আরো যেসব হত্যাকাণ্ড-গুমের ঘটনা এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার আজো হয়নি।”
গত বছরের ডিসেম্বরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের সময় পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল কর্মী। ওই হত্যামামলা রায়ে বুধবার আট জনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
