‘সন্ত্রাস প্রতিরোধে’ আওয়ামী লীগও মাঠে
জামায়াত-শিবিরের সন্ত্রাস প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
জামায়াত-শিবিরকে পাড়া-মহল্লায় প্রতিরোধ করতে কর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
বিজয় দিবসে সোমবার ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিজয় শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রতিরোধের ঘোষণা দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, “পাকিস্তানের এজেন্ট খালেদা জিয়ার নেতৃত্বে জামাত-শিবির সন্ত্রাস চালাচ্ছে। তারা নীলনকশা তৈরি করেছে।
“আমরা তাদেরকে বলতে চাই আর কোনো সন্ত্রাস বরদাশত করা হবে না। সন্ত্রাস প্রতিরোধে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে প্রস্তুত থাকবে।”
রোববার আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর এক যৌথসভায় নেতারা জামাত-শিবিরকে ‘প্রতিরোধ’ এবং কর্মী হত্যার প্রতিশোধ নিতে নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।
শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সহিংসতা আর সহ্য করা হবে না।
বিজয় দিবসের সমাবেশে হানিফ আরো বলেন, “যুদ্ধাপরাধী কসাই কাদেরের রায় কার্যকর হয়েছে। আগামীতে জনগণের সমর্থন নিয়ে সকল যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় কার্যকর করা হবে।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “যারা স্বাধীনতা ছিনিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই একটি মাত্র রাস্তা আছে আমাদের।”
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিজয় দিবসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে একটাই বার্তা- এদের (জামায়াত-শিবির) পাড়া-মহল্লায় প্রতিরোধ করতে হবে।
“খালেদা জিয়া জামাত-শিবিরকে সঙ্গে নিয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এদের প্রতিরোধ করতে হবে।”
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “আসুন যে কুচক্রী মহল নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে, তাদের প্রত্যেক এলাকায় প্রতিহত করি।”
সংগঠনের মহানগর সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এই সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে শেষ হয়।
শোভাযাত্রায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে যোগ দেয়। বিভিন্ন ধরনের ব্যানার-প্ল্যাকার্ড আর বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রা মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিস্তৃত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয়, মহানগর এবং সহযোগী সংগঠনের নেতারা ট্রাকে করে শোভাযাত্রায় অংশ নেন।
