২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে যুক্তরাষ্ট্র আ. লীগের অনুষ্ঠানে মারামারি

বিজয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  অনুষ্ঠান নিজেদের মধ্যে মারপিটের ঘটনায় পণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের এ ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ লাঞ্ছিত হয়েছেন, আহত হয়েছেন দুই জন।

সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সভা শুরুর আগেই মারামারি শুরু হয়। পরে পুলিশ সেখান থেকে সবাইকে সরিয়ে দেয়ায় বিজয় দিবসের অনুষ্ঠান আর হয়নি।

উপস্থিত নেতাকর্মীরা জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলামের হামলায় উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম আহত হন। পুলিশ তাদের দুজনকেই গ্রেপ্তার করে নিয়ে যায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র  স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করার জের ধরে এ সংঘর্ষ ঘটে বলে কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে।

গত জুনের শেষ দিকে  কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর আত্মীয় হিসেবে পরিচিত তারিকুল হায়দার চৌধুরীকে আহ্বায়ক করে যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি গঠন করে দেয়া হয়। এরপর যুবলীগের একাংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে।

মিসবাহ আহমেদ ও ফরিদ আলমের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ আরো দেড় বছর থাকলেও তা ভেঙে দিয়ে সংগঠনে নতুন মুখদের নিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে অভিযোগ তাদের। এর পিছনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলামের ‘হাত রয়েছে’ বলেও তারা মনে করেন।

এর আগেও গত ছয় মাসে  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অন্তত চার বার মারপিটের ঘটনা ঘটেছে।