২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ ভাংচুর অগ্নিসংযোগে অবরোধ-হরতাল

অবরোধ ও হরতালে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাংচুর ও বোমার বিস্ফোরণ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 04:28 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

নারায়ণগঞ্জে ট্রাকে অগ্নিসংযোগ ও মাদারীপুরে অটোটোবাইক ভাংচুর করেছে অবরোধকারীরা। চাঁদপুর ও দিনাজপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শেরপুরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট চতুর্থ দফায় অবরোধ করছে। এছাড়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে হরতাল ডেকেছে দলটি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নগরীর অক্টো অফিস এলাকায় শিবিরকর্মীররা একটি ট্রাকে আগুন দিয়েছে। এ সময় পুলিশ পেট্রোল বোমাসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সকাল ৮টার দিকে অক্টো অফিস এলাকায় ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। এক পর্যায়ে তারা একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয়। ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুটি পেট্রোল বোমাসহ দুই শিবিরকর্মীকে আটক করা হয়।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ ও আড়াইহাজারে বিএনপির সমর্থকরা সড়কে টায়ারে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ৩/৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সদর উপজেলার ফতুল্লার কাশিপুর এলাকায় যুবদলকর্মীদের একটি মিছিল থেকে কয়েকটি যানবাহন ভাংচুর করে ও ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশ ঘটনাস্থলে আসলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকরাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন।

মাদারীপুর: মাদারীপুরে অবরোধ এবং স্বেচ্ছাসেবক দলের অর্ধদিবস হরতালে ৫টি অটোবাইক ভাংচুর ও সড়কে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।

সকাল সাড়ে ৮টার দিকে শহরের সুমন হোটেল এলাকায় ১টি, চৌরাস্তায় ৩টি, খাগদিতে ১টি অটোবাইক ভাংচুর করে পিকেটাররা।

এছাড়া রাতে মাদারীপুর-শরীয়তপুর আন্তঃজেলা সড়কে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা।

দূরপাল্লার সকল পরিবহন বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটে লোকাল পরিবহন চলাচল করছে দুয়েকটা করে। শহরের অধিকাংশ বিপণি বন্ধ রয়েছে।

নিরাপত্তার জন্য শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

চাঁদপুর : কচুয়া উপজেলায় দুপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ সুপার মো. আমির জাফর জানান, ঘাঘড়া এলাকায় বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে পিকেটিং করছিল। এ সময় পুলিশ বাধা দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

দিনাজপুর: ট্রেন চলাচলে বাধা দেয়ায় দিনাজপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় দেড়শ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে। চার পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন দিনাজপুর স্টেশনে আসার পথে শহরের ফুলবাড়ী রেল ক্রসিংয়ে অবরোধকারীরা বাধা দেয়।

এসময় তাদের পুলিশ বাধা দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাথর ছুড়তে থাকে।

পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

দুপুর দুইটার দিকে পরিস্থিতি কিছুটা পুলিশের নিয়ন্ত্রণেেএলেও থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। দুপুর আড়াইটায় বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

নরসিংদী: ১৮ দলীয় জোটের অবরোধে নরসিংদী বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

সকাল ১১টার একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলখানা মোড়ে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সমাবেশ করেন তারা।

এছাড়া সকালে শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে জোটের নেতাকর্মীরা। এ সময় সড়কে অগ্নিসংযোগ করে তারা।

পরে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন সরিয়ে দেয়।

শেরপুর: অবরোধ ও ছাত্রদলের আধাবেলা হরতালের ভোরে শহরের তিনআনী বাজার সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির কাছে একটি এবং নিউমার্কেট মোড়ে একটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।

আক্রাম হোসেন ও রেদুওয়ানুল ইসলাম রবিন তালুকদার নামে দুই ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সকাল থেকে শহরের রাস্তায় বিক্ষিপ্তভাবে যানবাহন চলাচল করেছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকে।

এর আগে হরতালের সমর্থনে সোমবার রাতে শেরপুর শহরের অস্টুমিতলা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা।