সীতাকুণ্ডে বিএনপি-জামায়াতের হামলা, পুলিশসহ আহত ২০
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি-জামায়াত নেতকর্মীদের সঙ্গে সংঘর্ষে সাত পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপি-জামায়াত কর্মীরা হামলা চালানোর পর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে সহকারী পুলিশ সুপার (সদর) মো. শামীম হোসেন জানান।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন- কামাল উদ্দিন (৪৬), শফি (৪৫), খোরশেদ (৩৪), মজিবুল্লাহ ও কন্সটেবল মজিদ।
এদের মধ্যে কন্সটেবল মজিদ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
মজিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সালাউদ্দিন, মামুন ও আহছন উল্লাহ নামের তিন যুবলীগ সদস্যও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে শুকলাল হাট এলাকার আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা উপজেলা সদরে সভায় অংশ নিতে যাচ্ছিলেন। আগে থেকে অবস্থান নিয়ে থাকা বিএনপি-জামায়াত কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয় বলে সীতাকুন্ড থানার ওসি এস এম বদিউজ্জামান জানান।
ওসি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। তবে কত রাউন্ড গুলি করা হয়েছে বা গুলিতে কেউ আহত হয়েছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
