আ.লীগ পাবে ৬০ আসন: এরশাদ
নির্বাচন পদ্ধতি সংস্কার করে নির্বাচন দিলে আওয়ামী লীগ ৬০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
পাশাপাশি সরকারকে নির্বাচন পদ্ধতি পরিবর্তনে বাধ্য করারও হুমকি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর সুন্দরবন হোটেলে জাতীয় পার্টির যুব সংহতি আয়োজিত এক মতবিনিময় সভায় এরশাদ বলেন, “মানুষ পরিবর্তন চায়। বর্তমান অবস্থায় পরিবর্তন আনা সম্ভব নয়। দেশের গণতন্ত্র এখন মিউজিক্যাল চেয়ারের মতো। এই মিউজিক্যাল চেয়ার গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।”
প্রধান দুটি দল তাদের শাসন ও শোষণ বজায় রাখার জন্য নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায় না বলেও মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, “দেশের মানুষ আজ দুটি দলের হাতে জিম্মি হয়ে আছে। সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে দেশের অবস্থা আজ পর্যুদস্ত। এই দেশে এখনো নির্বাচন মানে টাকার খেলা, পেশি শক্তির দৌরাত্ম। মানুষ শান্তি চায়, সুশীতল বাতাস চায়।”
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, “নির্বাচন পদ্ধতি যদি সংস্কার হয়, তাহলে (আগামী নির্বাচনে) জাতীয় পার্টি জিতবে। যদি নিজেদের ক্ষমতার ওপর আস্থা থাকে, তাহলে নির্বাচন পদ্ধতি সংস্কার করে নিজেদের যাচাই করুন।”
আওয়ামী লীগকে ইঙ্গিত করে এরশাদ বলেন, “কোন দলের নাম না বলি। শুধু এইটুকু বলব, এবারের নির্বাচনে তারা পাবে ২০% ভোট- ৬০টি আসন। আর জাতীয় পার্টি পাবে ১২০টি আসন।”
মতবিনিময় সভায় প্রস্তাবিত নির্বাচন পদ্ধতির রূপরেখাও দেন তিনি।
বলেন, “বর্তমান পদ্ধতিতে দেখা যায় একজন প্রার্থী পেলেন ৯০ হাজার ভোট, আরেকজন ৯২ হাজার ভোট। সেক্ষেত্রে ৯০ হাজার ভোট নষ্ট হবে। নির্বাচন পদ্ধতি সংস্কার করা হলে মানুষ দলকে ভোট দেবে, ব্যক্তিকে নয়। একটি দল যদি ৩% ভোট পায় তা হলে জাতীয় সংসদে ৩০টি আসন পাবে। যদি ৬% ভোট পায় তাহলে ৯০টি আসন পাবে। কোন ভোট নষ্ট হবে না।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলকে সংগঠিত করতে যুব সংহতির কর্মীদের অনুপ্রেরণা দিয়ে এরশাদ বলেন, “দুই মহিলার অধীনে দেশের মানুষ থাকতে চায় না। তাদের থেকে দেশকে, দেশের মানুষকে পরিত্রাণ কে দেবে? আমরা দেব। মানুষের আস্থা আমাদের ওপর আস্তে আস্তে ফিরে আসছে।
“প্রত্যেক রাজনীতিবিদেরই স্বপ্ন থাকে। আমারো ছিল- এখনো শেষ হয়ে যায় নি। জাতীয় পার্টি একসময় নাম্বার ওয়ান পার্টি ছিল, আবারো নাম্বার ওয়ান পার্টি হবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
