২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ২০

ঢাকার ধামরাইয়ে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে এ ঘটনার পর পুলিশ ১৬ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মানিকগঞ্জে একটি কর্মীসভায় যাওয়ার পথে দুপুরে ধামরাই থানা বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর সংবর্ধনা দেয় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

তিনি চলে যাওয়ার পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শতাধিক নেতাকর্মী বিকাল ৪টার দিকে একটি মিছিল বের করে। মিছিলটি থানা বাসস্ট্যান্ডে আসলে পুলিশ তাদের বাধা দেয়।

তখন পুলিশের বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে ৮/১০টি যানবাহনের গ্লাস ভাংচুর করে। আতঙ্কে মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদশীরা।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়েছে।

তবে যাচাই বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।

আটককৃতদের মধ্যে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, ছাত্রদল নেতা মাসুদ করীম, মমিনুল ইসলাম মমিন, সাইদুল, জাহাঙ্গীর, ফয়সালের নাম জানা গেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের লাঠিপটোয় তাদের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

পুলিশ অন্যায়ভাবে তাদের নেতাকর্মীদের আটক করেছে বলে অভিযোগ করেন ছাত্রদল নেতা।