দলীয় নেতাদের মতামত নিলেন খালেদা
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে দলের নীতিনির্ধারকদের কাছ থেকে মতামত নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলীয় নেতা তাদের মতামত শোনেন।
রাত সোয়া ৯টা থেকে সোয়া দুই ঘণ্টার এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের অবস্থান, নির্দলীয় সরকার দাবিতে চলমান আন্দোলন, সম্ভাব্য কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
তবে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “বৈঠকে আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে। কী কী কর্মসূচি দেয়া যায়, তা নিয়েও আমরা মতামত দিয়েছি। কাল জোটের বৈঠক হবে। এরপর কর্মসূচির বিষয়ে জানানো হবে।”
রোববার রাত সাড়ে ৮টায় ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া। এরপর আন্দোলনের কর্মসূচির বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে বলে দলের একাধিক স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা রয়েছে বিরোধী দলের। তার কর্মসূচি ঘোষণার আগে এই দুটি বৈঠক করছেন খালেদা।
বিএনপি নির্দলীয় সরকার ব্যবস্থা চাইলেও অনির্বাচিত কারো কাছে ক্ষমতা হস্তান্তরে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিএনপির দাবি, সংবিধান সংশোধন করে আগের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।
আগামী অক্টোবর মাসে নবম সংসদের সমাপণী ঘটার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উত্থাপন করতে সরকারি দলের নেতারা আহ্বান জানিয়ে আসছেন।
তবে বিরোধী দল বলছে, তারা কোনো প্রস্তাব দেবে না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা আওয়ামী লীগকেই উদ্যোগ নিয়ে সংসদে বিল তুলে তা পাস করতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, সংসদের মেয়াদ শেষের আগেই সরকার যদি বিল উপস্থাপনের উদ্যোগ না নেয়, তাহলে তাদের আন্দোলন ছাড়া বিকল্প থাকবে না।
অন্যদিকে আন্দোলন করে কোনো ফল আসবে না বলে সরকারি দলের নেতাদের বক্তব্যে রাজনৈতিক মহলে অস্থিরতার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
আর তা হলে তার দায় সরকারকেই নিতে হবে- বলছেন বিরোধী নেতারা। অন্যদিকে সরকারি দলের নেতারা বিরোধী দলের উদ্দেশে বলছেন, এমন কোনো পরিস্থিতি যেন সৃষ্টি করা না হয়, যাতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়।
