রাবির শিবির নেতা গ্রেপ্তার
ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শামসুল আলম গোলাপকে কারাফটক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে জামিনে মুক্তি পাওয়ার পর মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে তাকে।
গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের ওপর হামলার ঘটনায় মতিহার থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে নগরীর রাজপাড়া থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলার প্রধান আসামীসহ আটটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলো শামসুল। ২০১০ সালের এপ্রিল মাসে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার ওই আট মামলাতেই হাইকোর্ট থেকে জামিন নিয়ে রোববার কারামুক্ত হন তিনি।
