২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত নেতাদের বিরুদ্ধে তিন থানায় ১৬ মামলা

হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সম্পদ ধ্বংসসহ বিভিন্ন অভিযোগে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ১৬টি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

রাজধানীর পল্টন, রমনা এবং মতিঝিল থানায় এসব মামলা করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

এর মধ্যে মতিঝিল থানায় মামলা হয়েছে ছয়টি, রমনায় একটি এবং পল্টন থানায় করা নয়টি মামলায় ৩০ থেকে ৪০ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মাসুদুর রহমান বলেন, “মতিঝিল থানায় দায়ের করা ছয় মামলায় ২৩৭ জনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৪০ হাজার জনকে আসামি করা হয়েছে।”

রোববার হেফাজতে ইসলামি রাজধানীতে অবস্থানকালে হত্যা ভাংচুর অগ্নিসংযোগ সম্পদ নষ্টসহ বিভিন্ন অভিযোগে এই মামরা করা হয়।

রোববার মতিঝিলে সমাবেশে যোগ দেয়া হেফাজতকর্মীরা পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। দিনভর তাণ্ডব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে।

পুরানা পল্টনে সিপিবি ও হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ভবনসহ বায়তুল মোকাররম এলাকার অসংখ্য দোকানে আগুন দেয় তারা।

হেফাজতের কর্মীরা বায়তুল মোকাররমের তিন পাশে (উত্তর, দক্ষিণ ও পশ্চিম) অন্তত সাড়ে সাতশ’ দোকানে আগুন দেয়, যার মধ্যে পোশাক-পরিচ্ছদ, গৃহস্থালীর পণ্য, প্লাস্টিক পণ্য, জুতা, স্যান্ডেল, ধর্মীয় বইপত্রের দোকান ছিল। ধর্মগ্রন্থ কোরআন শরীফও পুড়েছে তাদের আগুনে।

পরে সোমবার ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শাপলা চত্বর থেকে পালাতে থাকা হেফাজতকর্মীরা রাজারবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে।

পুরনো খবর:

হেফাজত নেতাদের বিরুদ্ধে দুই থানায় ১২ মামলা