২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি দিচ্ছে না সরকার: বিএনপি

১৮ দলীয় জোটের শনিবারের সমাবেশ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

তিনি বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “একদিকে বিরোধীদলীয় নেতাকে আলোচনার আহবান জানাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না।

“সরকারকে আমরা স্পষ্টভাষায় বলতে চাই, যত টানাবাহানা আপনারা করুন না কেন, আমরা ৪ মে সমাবেশ করবোই।”

গত সপ্তাহে মহানগর পুলিশ কমিশনারের কাছে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু পুলিশ কিছুই জানাচ্ছে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

শামসুজ্জামান বলেন, শাপলা চত্বরে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, প্রজন্ম মঞ্চ, ছাত্রলীগ ও যুবলীগকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছিলো। গত কয়েকদিন আগে নারী সমাবেশ করার অনুমতিও দেয়া হয়েছিলো।

“তাহলে কেন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী জোটকে সেখানে সমাবেশ করার অনুমতি দেয়া হবে না, এটি সরকারকে বলতে হবে।”