২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তনের বছর: মোশাররফ

বাংলা নতুন বছরে রাজনৈতিক ‘পরিবর্তন’ আশা করছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

“বিগত বছরে সরকারের নিপীড়ন-নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি কোনো কিছু থেকে রেহাই পায়নি জনগণ,” এই মন্তব্য করে তিনি বলেছেন, “তাই আমরা প্রত্যাশা করছি, এই বছর হবে পরিবর্তনের বছর। স্বৈরাচারী সরকারের হাত থেকে জনগণ মুক্তি পাবে।”

পহেলা বৈশাখে রোববার বিকালে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা বলেন।

নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জাসাস।

Image
খন্দকার মোশাররফ হোসেন

খন্দকার মোশাররফ হোসেন

রাজনৈতিক অবস্থা বিচার করে গত বছরের মূল্যায়নে মোশাররফ বলেন, “বিগত বছরটিতে নানা কারণে আমরা ব্যথিত যে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ নেতাদের আটক করেছে। দলীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে তচনচ করেছে।

“সরকার তার চর  দিয়ে আমাদের মিছিল-সমাবেশ বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুলি করে উল্টো মিথ্যা মামলা দিয়েছে নেতা-কর্মীদের বিরুদ্ধে।”

জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস সাধারণ সম্পাদক মনির খান।

আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। আলোচনা সভায় না থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন।

গান গেয়ে শোনান বেবী নাজনীন, রিজিয়া পারভিন, মনির খান, বাদশা বুলবুল, দিঠি, শিবা সানু প্রমুখ।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে নয়া পল্টনে সড়কে হাজার হাজার নেতা-কর্মীর সমাবেশ ঘটে। পুরো সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।