২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আজিমকে কথা কম বলার পরামর্শ

একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 05:33 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

বুধবার সংসদে আইন প্রণয়ন কার্যাবলীর সময়ে অধিবেশনের সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।

“বেশি কথা বলেন তো! কম কথা বলা ভালো। কম কথা বলবেন, ভুল কম হবে।। বেশি কথায় ভুলও বেশি হয়।“

এর আগে একটি বিলের ওপর সংশোধনীর প্রস্তাব নিয়ে কথা বলছিলেন আজিম।

ওই সময় বর্তমান সরকারকে ‘সো কলড সরকার’ বলে উল্লেখ করেন এবং অধিবেশনে মাত্র দুইজন মন্ত্রীর উপস্থিতির কথা তুলে ধরেন।

বিরোধী দলবিহীন সংসদ স্বতন্ত্র সাংসদের এই বক্তব্যের প্রতিবাদ জানাতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হুইপ আসম ফিরোজ বলেন, “এ সদস্য বর্তমান সরকারকে ‘সো কলড সরকার’ বলেছেন; এ সরকার সো কলড সরকার নয়, নির্বাচিত সরকার।

“উনি অধিবেশনে দুই জন মন্ত্রী উপস্থিতির কথা বলেছেন। এই মুহূর্তে ১৪ জন মন্ত্রী অধিবেশনে রয়েছেন।”

হুইপের এই বক্তব্যে ফজলুল আজিম মাইক ছাড়াই বলেন, তিনি সরকারকে ‘ সো কলড’ বলেননি।

তখন ফজলুল আজিমকে উদ্দেশ্য করে শওকত আলী বলেন, “মাইক ছাড়া কথা বলেন কেন? আপনি এ কথা বলে থাকলে তা একপাঞ্জ করা হল।”

পরিসংখ্যান বিল পাস

বাংলাদেশের পরিসংখ্যান ক্ষেত্রকে আইনি কাঠামোর মধ্যে আনতে পরিসংখ্যান বিল-২০১৩ সংসদে পাস করা হয়েছে।

জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে বাতিল হয়।

এছাড়া স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিলও বুধবার পাস হয়েছে।

এর ফলে স্পিকারের অনুদানের অর্থের পরিমাণ সাড়ে চার লাখ টাকা থেকে বেড়ে ১০ লাখ টাকা হল।