বগুড়ায় ছাত্রলীগ নেতা খুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দুর্বৃত্তের হামলায় পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান বাবু (২৪) নিহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ৭টার দিকে সারিয়াকান্দি বাজারে হামলায় আহত হন বাবু। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর দোষীদের বিচারের দাবিতে সারিয়াকান্দিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সারিয়াকান্দি থানার ওসি ফাইজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
প্রত্যক্ষদর্শী জানান, সারিয়াকান্দি বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা বাবুকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
এদিকে উপজেলা ছাত্রলীগ কমিটির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেমন বাবুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
