‘মাহমুদুরকে রক্ষা করা আমাদের দায়িত্ব’
শাহবাগের তরুণরা স্বাধীন মতপ্রকাশের ‘বিপক্ষে’ অবস্থান নিয়েছে অভিযোগ তুলে মাহমুদুর রহমানকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “যেকোনো মূল্যে কথা বলা ও লেখার স্বাধীনতা রক্ষা করতে হবে। মাহমুদুর রহমান কোনো ব্যক্তি নন। ন্যায় ও সত্যের পক্ষে কথা বলেন বলেই তিনি মুক্তচিন্তার প্রতীক। তাকে [মাহমুদুর] রক্ষা করা আমাদের দায়িত্ব।”
বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উদ্যোগে ‘গণমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টা : জনগণের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। আলোচনা সভার পর শিশুদের মধ্যে ‘নতুন তারা’ শিশু পদক বিতরণ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
সাম্প্রদায়িক সংঘাতের উস্কানি দেয়ার অভিযোগে মাহমুদুরের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। রাজীব খুন হওয়ার পর বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারণা চালানো হয়, তিনি ইসলামের বিরুদ্ধে লিখতেন। ২২ ফেব্রুয়ারি আমার দেশের প্রধান প্রতিবেদনের শিরোনামে লেখা হয়- ‘ধর্ম ও আদালতের অবমাননা করছে ব্লগারচক্র’।
আর সেদিন জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে শাহবাগের জানগরণমঞ্চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।
এর পর থেকেই যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত নিষিদ্ধের সঙ্গে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন শাহবাগের আন্দোলনকারীরা।
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যা করা হচ্ছে। একজন সম্পাদককে গ্রেপ্তার ও সেই পত্রিকা বন্ধ করার জন্য শাহবাগের তরুণরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিচ্ছেন।
“এহেন কর্মকান্ড প্রমাণ করে তারা মুক্ত চিন্তার বিপক্ষে কাজ করছে।”
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সরকারের ‘অবস্থানের’ সমালোচনা করে ফখরুল বলেন, “তার অপরাধ হচ্ছে- তিনি সত্য কথা প্রকাশ করেছেন। কতিপয় ব্লগার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, আল্লাহ ও রসুলের (সা.) বিরুদ্ধে কটুক্তি করেছে। আমার দেশ তা প্রকাশ করেছে।”
তিনি আরো উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান একজন ‘বিদেশীর’ সঙ্গে যুদ্ধাপরাধের চলমান বিচার নিয়ে যেসব কথাবার্তা বলেছেন, স্কাইপে প্রকাশিত বিচারকের কথোপকোথন মাহমুদুর রহমান তার পত্রিকায় প্রকাশ করেছেন।
“এসব সত্য প্রকাশের জন্য আজ মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের হুমকি দেয়া হচ্ছে।”
শাহবাগে গণআন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, “সেখানে আমরা কী দেখছি। ৩/৪ বছরের শিশুকে দিয়ে ‘ফাঁসি চাই’ বলানো হচ্ছে। আমরা কোন দিকে আমাদের সন্তানদের নিয়ে যাচ্ছি। দেশে এমন বিষবৃক্ষ রোপন করা হচ্ছে। যার মধ্য দিয়ে দেশের সর্বত্র হিংসা হানাহানি ছড়িয়ে দেয়া হচ্ছে।”
ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা দাবি করেন, শাহবাগের তরুণদের আন্দোলনের পেছনে ভারতের ‘মদদ’ রয়েছে।
তিনি বলেন, “জানি না এই সংবাদ সত্য কিনা। আমাদের প্রশ্ন একটাই- দেশের আন্দোলন ও রাজনীতি এদেশের জনগণ নিয়ন্ত্রণ করবে। সেই রাজনীতি কিংবা আন্দোলন নিয়ে অন্য দেশ কেন মাথা ঘামাবে।”
২৬ ফেব্রুয়ারি টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত ওই সংবাদে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা শিবশঙ্কর মেনন মন্তব্য করেছেন, শাহবাগ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ‘উগ্রপন্থার’ বিরুদ্ধে গণতন্ত্রের মৌলিক মূল্যবোধকে তুলে ধরছেন।
শাহবাগে তারুণ্যের গণজাগরণ প্রসঙ্গে শিবশঙ্কর মেনন আরো বলেন, “উগ্রপন্থা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে ঢাকার শাহবাগ চত্বরে হাজার হাজার তরুণের স্বতঃস্ফূর্ত যে সমাবেশ তা বাংলাদেশি তরুণদের উদার মানসিকতা, রাজনৈতিক লড়াইয়ের সামর্থ্য এবং অনুভূতির শক্তিকে প্রকাশ করছে।”
ওই সংবাদে আরো বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদও সম্প্রতি ঢাকা সফরে আন্দোলনকারী তরুণদের প্রতি সমর্থন জানান। সফরকালে ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন, “যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততা দেখাটা সব সময়ই চমৎকার। তারা তাদের বক্তব্য ও আকাঙ্ক্ষা প্রকাশ করছে এবং আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। এটা গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা ও গভীর অনুভূতিকে আবার ফিরিয়ে আনবে।”
শাহবাগের তরুণদের আওয়ামী লীগের অতীত ইতিহাস পড়ার পরামর্শ দেন ফখরুল।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে আওয়ামী লীগ দেশে চারটি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিলো। মওলানা ভাসানীর ‘হক কথা’ তৎকালীন আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিলো।
“এভাবে গণমাধ্যমের স্বাধীনতার তারা কন্ঠরোধ করেছিলো। আজো ভিন্ন কায়দায় দেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়ার হীন চক্রান্ত করছে সরকার। গণমাধ্যমের গলাটিপে ধরছে তারা।”
সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, জিসাস কেন্দ্রীয় নেতা রিনা খান, আহসানুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
