৫৮ দিন পর ‘বাইরে এসে’ জামিন নিলেন রিজভী
ভাংচুরের মামলায় গ্রেপ্তার এড়াতে প্রায় দুই মাস দলীয় কার্যালয়ে কাটানোর পর হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
তার আবেদন শুনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ দুই মাসের জামিন মঞ্জুর করে।
গত ৯ ডিসেম্বর ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) এক গাড়িচালক ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এ মামলায় আসামি করা হয়।
মামলা হওয়ার পরদিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পর পর ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সবগুলোতেই জামিন পেয়ে গত মঙ্গলবার বিকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান ফখরুল।
গ্রেপ্তার এড়াতে এই ৫৮ দিন বিএনপি কার্যালয়ের ভেতরেই কাটিয়ে দেন রিজভী। তৃতীয় তলায় দপ্তর সম্পাদকের কার্যালয়ের পেছনে ছোট্ট একটি ঘরে তিনি রাতে ঘুমাতেন। আর দিন কাটত নেতাকর্মীদের সঙ্গে দলীয় কার্যক্রম নিয়ে। প্রতিদিন দুই বেলা নেতাকর্মীরাই তার জন্য খাবার নিয়ে আসতেন।
বৃহস্পতিবার সকালে আদালতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রিজভী সাংবাদিকদের বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জামিনের জন্য হাই কোর্টে যাচ্ছি।”
