১২ দাবিতে সমাবেশ ইমারত নির্মাণ শ্রমিকদের
সংসদের ষোড়শ অধিবেশনেই শ্রম আইন সংশোধন এবং নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সমাবেশ হয়েছে ঢাকায়।
সংসদ অধিবেশন শুরুর একদিন আগে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শ্রমিকদের দাবি দিবস’ উপলক্ষে এই সমাবেশ করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
সমাবেশে প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া দাবির পক্ষে সরব থাকার জন্য শ্রমিকদের পরামর্শ দেন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ১০ লাখ, আহত শ্রমিকদের সর্বোচ্চ সাড়ে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া, পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, জেলা-উপজেলায় শ্রম আদালত স্থাপন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ উপায়ে লোন ও বিদেশে উপযুক্ত চাকরির ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, “সংসদের আগামী অধিবেশনে আমাদের ১২ দফা দাবি বিল আকারে এনে বাস্তবায়ন করতে হবে।”
আগামী সাত দিনের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
