প্রধানমন্ত্রী আশা দিতে পারেননি: বিএনপি
সরকারের চার বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো কথা না থাকায় তা প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
শেখ হাসিনার ভাষণের দুদিন পর রোববার এ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা তরিকুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সঙ্কটের অবসানে সরকার উদ্যোগ না নিলে রাজপথেই এর ফয়সালা হবে।
“দেশে যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে, তা নিরসনে প্রধানমন্ত্রীর ভাষণে কোনো কথা নেই। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, খালেদা জিয়ার নেতৃত্বে এক দুর্জয় গণঅভ্যুত্থান রচনায় সারাদেশ উন্মুখ হয়ে আছে।”
“এই পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রবর্তনের উদ্দেশ্যে বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনার (সংলাপ) উদ্যোগ নিন, নইলে রাজপথে এর সমাধান হবে।”
তরিকুল বলেন, “তার ভাষণ দেশবাসীকে হতাশ করেছে। মানুষের জন্য আশার কোনো কথা নেই। আমরা প্রধানমন্ত্রীর ভাষন প্রত্যাখ্যান করছি।”
ভাষণে পুননির্বাচিত করার জন্য জনগণের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানকে ‘পরিহাস’ বলে আখ্যাযিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল।
“প্রধানমন্ত্রী তার ভাষণে আবারো তাদের শাসন অব্যাহত রাখার খায়েশ ব্যক্ত করে জনগণের সহানুভুতি ও সমর্থন চেয়েছেন। আমরা বলতে চাই, মানুষের প্রতি সামান্যতম দরদ ও সহানুভুতি থাকলে প্রধানমন্ত্রীর উচিৎ ছিল, সব ব্যর্থতা ও অত্যাচারের জন্য ক্ষমা চেয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।”
চার বছরের সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী ‘সত্য বলেননি’ বলেও দাবি করেন বিএনপি নেতা।
“প্রধানমন্ত্রীর চার বছরের যে ফিরিস্তি দিয়েছেন, সেগুলো শুধু ভিত্তিহীন নয়, চরম হাস্যকরও বটে। তার ভাষণে এত অসত্য তথ্য দেয়া হয়েছে, যার সব কিছুর জবাব দেয়া আমরা প্রয়োজন মনে করছি না।”
“দেশের মানুষ তাদের নিত্যকার জীবন-যাপনের অভিজ্ঞতায় বুঝতে পারছে, একদলীয় বাকশালী স্বৈরশাসন অবসানের পর এই ধরনের অযোগ্য, ব্যর্থ , ধাপ্পাবাজ ও সন্ত্রাসী সরকার আর কখনো দেশের রাষ্ট্র ক্ষমতায় বসেনি।”
“প্রধানমন্ত্রী তার বক্তব্য খুব একটা দীর্ঘ করেননি। এতে জনগন মিথ্যার পীড়ন থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে বলে আমরা মনে করি।”
তরিকুল বলেন, “সরকারের চার বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাট অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নাগরিকরা আজ উৎপীড়ন ও লাঞ্ছনার শিকার। উচ্চ প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে ছাত্রলীগ শিক্ষক-শিক্ষিকাকে লাঞ্ছিত করছে। সমাজের সম্মানীত ব্যক্তিদের এখন নানাভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে।”
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের দল। সুতরাং যুদ্ধাপরাধর বিচারের আমরা কখনোই বিরোধী নই। আমরা বার বার জোর দিয়ে বলেছি, বিচার হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন।
“কারণ সদ্য স্বাধীন দেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার ত্রিদেশীয় চুক্তি সই করে স্বীকৃত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিনা বিচারে ছেড়ে দিয়েছিল।”
নয়া পল্টনে বিএনপির এই সংবাদ সম্মেলনে তরিকুলের সঙ্গে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকা, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, খন্দকার গোলাম আকবর, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, শহীউদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মেহেদি আহমেদ রুমী, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আবু সাইদ খান খোকন প্রমুখ।
