২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দাবি মানলেই সমঝোতা: ফারুক

নির্বাচনকালীন সরকার নিয়ে আন্দোলন বা নৈরাজ্যের বদলে `আলোচনার মাধ্যমে’ সমঝোতায় পৌঁছাতে চায় বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

Image
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মানববন্ধনে বক্তব্য দেন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ১০, ২০১২

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মানববন্ধনে বক্তব্য দেন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ১০, ২০১২

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বুধবার দুপুরে এক যুব সমাবেশে বলেন, “আগামী নির্বাচনে সরকার প্রধান কে থাকবেন- এ বিষয়ে সমঝোতা হতে হবে। আমরা চাই, সব দলের মতামতের ভিত্তিতে নির্দলীয় ব্যক্তির সমন্বয়ের একটি সরকার।”

আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে বিএনপির আগ্রহের কথা প্রকাশ করে তিনি বলেন, “আমরা সমঝোতা চাই। আন্দোলন কিংবা নৈরাজ্যকর পরিস্থিতি চাই না। তাই সরকারকে বলব, সমঝোতার পথে আসুন। আমরা মনে করি- সরকার নির্দলীয় সরকারের দাবি মেনে নিলেই এই সমঝোতা হতে পারে।”

জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার সভাকক্ষে যুব জাগপা’র উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ কয়েকটি দাবিতে এই যুব সমাবেশ হয়। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

বিরোধীদলের সংসদে না যাওয়ার জন্য সরকারকে দায়ী করে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, “তাদের কুৎসতি ও কুরুচিপূর্ণ ব্যবহারের কারণে আমরা সংসদে যাই না।”

আগামী ২৭ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে সরকারি দল নির্দলীয় সরকারের বিল উপস্থাপন করলেই সংসদে ফিরে যাওয়ার বিষয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সিদ্ধান্ত নেবেন বলে জানান ফারুক।

তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের দলীয়করণে বিরোধী দলের লোকজন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিরোধীদলের নেতাদের ‘গুম ও হত্যার’ সঙ্গে সরকারও জড়িত বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

ফারুক বলেন, “২০১২ সালে আমাদের দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হয়েছিলেন। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বছরের প্রথমে আরেক নেতা রফিকুল ইসলাম মজুমদারকে গুম করে নিয়ে হত্যা করা হয়েছে।”

প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া নোয়াখালীর কবিরহাটে উপজেলা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দাবি করে ফারুক বলেন, “আবার সেই ভবনের উদ্বোধন করা হলো- এটা লজ্জাজনক।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নোয়াখালীতে ওই উপজেলা কমপ্লেক্স ভবনসহ বেশ কয়েকটি স্থাপনার উদ্বোধন ও কয়েকটি প্রকল্পের ভিত্তিরপ্রস্তর স্থাপন করেন।

সংগঠনের সভাপতি ইনসান আলম আক্কাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির(জাগপা)সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।