সংসদে ফিরতে ‘নিশ্চয়তা’ চায় বিএনপি
নির্দলীয় সরকারের বিল উত্থাপনের নিশ্চয়তা পেলে আসন্ন অধিবেশনেই বিএনপি সংসদে যোগ দেবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বুধবার সকালে প্রেসক্লাবে এক কর্মসূচিতে ফারুক বলেন, “রাষ্ট্রপতি শীতকালীন অধিবেশন আহ্বান করেছেন। আমরা সংসদে যোগ দিতে চাই। তবে সরকারকে নিশ্চয়তা দিতে হবে, রাষ্ট্রপতির ভাষণের পর তারা এই অধিবেশনেই নির্দলীয় সরকারের বিল সংসদে উপস্থাপন করবেন।”
এ ধরনের নিশ্চয়তা পেলে সংসদে ফিরে যাওয়ার বিষয়টি দলীয়ভাবে তাদের বিবেচনায় রয়েছে বলে জানান বিএনপির এই নেতা।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আগামী ২৭ জানুয়ারি বিকালে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ডেকেছেন। এটি হবে নবম সংসদের ষোড়শ অধিবেশন।
বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া টানা ৮৩ দিন অনুপস্থিত থাকার পর গত ১৮ মার্চ সংসদে ফিরলেও ওই অধিবেশনের পর আর সংসদে যাননি।
তবে আলোচনার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে মতৈক্যে পৌঁছাতে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি সব মহল থেকে আহ্বান জানানো হয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির কোনো বক্তব্য থাকলে সংসদে উপস্থিত হয়ে তা তুলে ধরার জন্যও একাধিকবার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
জিয়া ব্রিগ্রেডের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি হয়।
সংসদে যাওয়ার ব্যাপারে বিএনপির আগ্রহের কথা তুলে ধরে জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা সংসদে যাওয়ার জন্য সব সময় বলে আসছি। কিন্তু সংসদে বিরোধী দলকে কথা বলতে দেয়া হয় না। জনগণের সমস্যার কথা বলা যায় না, সেজন্য আমরা সংসদে যাই না।”
“স্পিকারকে অনুরোধ জানাব, সংসদে যাওয়ার পরিবেশ ঠিক করুন। দয়া করে আমাদের সংসদে কথা বলার সুযোগ করে দিন”, বলেন তিনি।
সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে ফারুক বলেন, “আমাদের নেত্রী বলেছেন, নির্দলীয় সরকারের বিষয়ে সরকারের সঙ্গে প্রকাশ্যে আলোচনা করতে চান। ভেতরে ভেতরে আলোচনায় আমরা বিশ্বাসী নই।”
নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। আমরা বিশ্বাস করি, এই গণদাবি মেনে নিয়ে সংবিধান সংশোধন করলে দেশে শান্তি ফিরে আসবে।”
জয়নুল আবদিন ফারুক বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। এভাবে নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আমাদের ৫৬ নম্বর ওয়ার্ড নেতা রফিকুল ইসলাম মজুমদারকে পুলিশের হাতকড়া পরানো অবস্থায় হত্যা করা হয়েছে।”
“একদিকে সরকার সংসদে আসার আহবান জানাবেন, অন্যদিকে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবেন। তাহলে আমাদের জিজ্ঞাসা-এরকম অকার্যকর সংসদে আমরা কেনো যাবো।”
সংগঠনের প্রধান আবুল হোসেনের সভাপতিত্বে এই অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ বক্তব্য দেন।
