২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন মেননের

বিরোধী দলের রাজপথ অবরোধের সময় বিশ্বজিত দাস হত্যার ঘটনা প্রসঙ্গে সরকারের অবস্থানকে ‘দুর্বল’ আখ্যায়িত করেছেন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বিরোধী দলের রাজপথ অবরোধের সময় বিশ্বজিত দাস হত্যার ঘটনা প্রসঙ্গে সরকারের অবস্থানকে ‘দুর্বল’ আখ্যায়িত করেছেন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, “আমার নিজের কাছেই বোধগম্য হয় নি যে বিশ্বজিৎকে নিয়ে কেন সরকারকে এটা করতে হলো। খুনিকে খুনি বলতে দোষ কোথায় এটা তো আমরা জানি না। এবং এটা কেন সরকারকে একটা ডিফেন্সিভ পজিসনে গিয়ে করতে হবে?”

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ দাবি করেন, বিশ্বজিৎ দাস হত্যায় জড়িতরা কেউ ছাত্রলীগ কর্মী নয়। এজন্য বিএনপি-জামায়াতই দায়ী।

তিনি আরো বলেন, “বিএনপি, জামাত ও শিবির মানুষ হত্যা করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ওপর দায় চাপানোর চেষ্টা করে। এটা তাদের ফ্যাশনে দাঁড়িয়েছে।”

ওই প্রেস ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ বিশ্বজিত হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক ও পারিবারিক পরিচয় তুলে ধরে এমন দাবিও করেন যে, তাদের পরিবারের সদস্যরা বিএনপি ও জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন আরো বলেন, “এটা শুধু এ ক্ষেত্রেই নয় আরো অনেকগুলো ক্ষেত্রেই আমরা দেখেছি। পদ্মা সেতুর প্রসঙ্গে আমরা দেখেছি, বিভিন্ন প্রসঙ্গে আমরা দেখেছি। কোনো জায়গাতেই আমরা দাঁড়াতে পারছি না। একটা স্থির জায়গায় আমরা দাঁড়াতে পারছি না।”

এই ‘ত্রুটিগুলোকে’ দূর না করলে এগুনো যাবে না বলে মনে করেন তিনি।

“ভুল আমরা এর মধ্যে অনেকগুলো করে ফেলেছি। আমাদের পঞ্চদশ সংশোধনীর খটকাটা আমাদের চোখের সামনে আছে।”

তবে পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লাহির রাহমানির রাহিমকে অনুমোদন দেয়ার বিষয়টি এই মুহূর্তে সংশোধন করা সম্ভব না হলেও ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে সরকারকে ‘সুনির্ষ্ট’ অবস্থান নেয়ার আহ্বান জানান এই সাংসদ।

বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলনের সমালোচনাও করেন তিনি।

তিনি মনে করেন, বিএনপির এই আন্দোলন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়, বরং জামায়াতের সাথে ‘স্পষ্টভাবে সংশ্লিষ্ট’ হয়ে ধর্মকে আশ্রয় করে অবৈধভাবে ক্ষমতা দখলই তাদের উদ্দেশ্য।

‘সাম্প্রতিক ঘটনাবলী কি বাংলাদেশকে নিকট অতীতের আফগানিস্তানের দিকে ঠেলে দিচ্ছে’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন নামের একটি সংগঠন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তবারক হোসেইন। এর সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল বারকাত, ইব্রাহিম খালেদ, সাম্প্রদায়িক ও জঙ্গীবাদ বিরোধী মঞ্চের সহাসচিব নূর মোহাম্মদ তালুকদার প্রমুখ।