ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতে ইসলামী ও সাম্প্রদায়িকতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “খালেদা জিয়া জামায়াত, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস ছাড়বেন না। ক্ষমতায় এলে ওদের আবার আশ্রয়-প্রশ্রয় দেবেন।”
নাসিম বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে ‘আওয়ামী লীগ ও ভারতবিরোধী রাজনীতি’। তারা আবার ক্ষমতায় এলে বাংলাদেশ ‘পাকিস্তানের সংস্করণ’ হবে।
বিরোধী দলীয় নেতার চলমান ভারত সফর সম্úর্কে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, “বিদেশিদের মন জয় করে কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে। কারণ তারাই ভোট দেবে।”
দেশে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্গলা পরিস্থিতিও ভালো রয়েছে দাবি করেন ক্ষমতাসীন দলের এই নেতা। তবে ‘হলমার্ক কেলেঙ্কারির মতো ঘটনা’ ঘটলে সব অর্জন ম্লান হয়ে যায় বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
জেল হত্যা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান ‘জেলে চার নেতাকে হত্যা, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের রাজনীতি: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
মনসুর আলীর ছেলে নাসিম আলোচনা সভায় বলেন, “খুনীদের বিরুদ্ধে আমি নিজে আদালতে সাক্ষী দিয়েছি। কিন্তু বিএনপি-জামায়াতের সময় রায় বদল হয়ে গেল। এরপর প্রহসনের রায় হলো।”
“সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে আবেদন- যাদের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে, হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট হয়েছে এবং বাংলাদেশের মানুষ মুক্তমনে শ্বাস নিতে পারছে- তাদের হত্যার বিচার চাই”, যোগ করেন তিনি।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএএইচ/জেকে/১৪৫০ ঘ.
bdnews24