২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েল-সুরঞ্জিতকে সরব দেখতে চান ফারুক

স্পিকারের রুলিং নিয়ে হাই কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় সরকারি দলের সংসদ সদস্য তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্তকে সংসদে সরব দেখতে চান বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের রুলিং নিয়ে হাই কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় সরকারি দলের সংসদ সদস্য তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্তকে সংসদে সরব দেখতে চান বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বুধবার বলেছেন, “আগামী ৪ সেপ্টেম্বর সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। সংসদের সার্বভৌমত্ব নিয়ে তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্তরা কথা বললে আমরা খুশি হব।” বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর এক বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা প্রশমনে গত ১৮ জুন দেওয়া স্পিকারের রুলিংকে ‘অকার্যকর ও আইনগত ভিত্তিহীন’ বলে অভিমত জানিয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনে গত সোমবার প্রকাশিত হাই কোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায়ে এই মত প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিও ও তোফায়েল বিভিন্ন আলোচনা সভায় এর প্রতিক্রিয়া জানিয়ে আসছেন। তবে সংসদ বর্জন করে আসা বিএনপির নেতা ফারুক বলেন, বিচারপতির বক্তব্য নিয়ে সংসদে তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত স্পিকারের পক্ষে যেভাবে বক্তব্য দিয়েছিলেন, হাই কোর্টের রায়ের পর তারা ‘নীরব’। সুরঞ্জিত বুধবারও এক আলোচনা সভায় বলেন, সংবিধানের ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের আলোচনা নিয়ে আদালতেরও প্রশ্ন তোলার অবকাশ নেই। একই কথা মঙ্গলবার একটি টেলিভিশনে বলেন তোফায়েলও। সুরঞ্জিত ইঙ্গিত দিয়েছেন, সংসদ অধিবেশন শুরু হলে এ নিয়ে সংসদে উত্তেজনা দেখা দিতে পারে। বিএনপির প্রচার সম্পাদক ফারুক আওয়ামী লীগ নেতাদের সরব দেখতে চাইলেও একদিন আগেই দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেন সুরঞ্জিত সেনগুপ্তের। তিনি বলেছিলেন, “সরকার বিচার বিভাগ ও সংসদকে আজ মুখোমুখি দাঁড় করিয়েছে। হাই কোর্টের একটি রায়ে এই সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। স্পিকার নিরাপদ অবস্থানে থাকলেও সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য আক্রমণাত্মক।” জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভায় সরকারের সমালোচনাও করেন ফারুক। তিনি বলেন, “আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এদের ভয় পেলে চলবে না। লড়াইয়ের মতো আন্দোলনের কর্মসূচি দিতে হবে।” মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় দুই মাসজুড়ে বিক্ষোভ সমাবেশ-গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি, বিএনপির অন্যতম নীতিনির্ধারক মাহবুবুর রহমানের উদ্দেশে ফারুক বলেন, “দলের নেতা-কর্মীরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করার মতো কর্মসূচি চায়। গত চার বছর তারা যে অপশাসন চালিয়েছে, তাদের হটাতে আপনারা কর্মসূচি প্রণয়ন করুন।” “বিএনপির আমলে সীমান্তে ফেলানির লাশ ঝুলে থাকলে অথবা টিপাইমুখে বাঁধ নির্মাণের ঘটনা ঘটলে আওয়ামী লীগ কত দিন হরতাল দিত, তা জানি না। তাই কর্মসূচি দিতে আওয়ামী লীগকে ভয় পেলে চলবে না,” বলেন তিনি। সভায় মাহবুবুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হৃদয় বাংলাদেশের সভাপতি মো. হানিফ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবীর বেপারী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৫ ঘ.