ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান পদত্যাগ করলেও পদ্মা সেতু প্রকল্পে সরকারের দুর্নীতির ‘কলঙ্ক’ মুছবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
সোমবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে ফারুক বলেন, “সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন। শুনলাম পদ্মা সেতুর অর্থায়নের জটিলতার অবসানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমানও পদত্যাগ করতে রাজি আছেন। এসব পদত্যাগেও বিশ্বব্যাপী সরকারের দুর্নীতির কলঙ্ক মুছবে না।”
পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের শর্তের কারণে পদত্যাগের গুঞ্জনের মধ্যেই প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে এবং জটিলতার অবসান হলে সরে যেতে তার আপত্তি নেই।
গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি- এমন অভিযোগে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা। তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান।
২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা এডিবি, আইডিবি ও জাইকার।
বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানি উন্নয়ন সংস্থা জাইকার চুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এর মধ্যেই বিশ্ব ব্যাংকের সঙ্গে ফয়সালা করতে হবে সরকারকে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরের প্রতিবাদে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখার সময় দুর্নীতি দমন কমিশন পদ্মা সেতুর দুর্নীতি তদন্ত করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন বিরোধী দলীয় প্রধান হুইপ।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ দাবি করে ফারুক বলেন, “সাংবাদিকরা খুন হচ্ছেন, বিচার নেই। সরকারি দলের সমর্থিত চিকিৎসক নারায়ণ দত্ত নিতাইকে খুন করা হয়েছে। প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। কিন্তু সরকারের নির্বিকার।”
সংগঠনের সভাপতি এম এম মেহবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪১৯ ঘ.
bdnews24