২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর বিরুদ্ধে মিছবাহুরের সাক্ষ্য

বর্তমানে ইসলামী ঐক্যজোট নেতা ও এক সময়ে ইসলামী ছাত্র সংঘের সদস্য মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, একাত্তরে আল বদর বাহিনী চলত মতিউর রহমান নিজামীর নেতৃত্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন মিছবাহুর রহমান চৌধুরী। জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য ও বর্তমানে ইসলামী ঐক্য জোটের একাংশের প্রধান মিছবাহুর রহমান চৌধুরী রোববার নিজামীর বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। মারবতাবিরোধী অপরাধের ১৬টি ঘটনায় গত ২৮ মে অভিযুক্ত হন নিজামী। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে ৫৭ বছর বয়সি মিছবাহুর বলেন, জামায়াতের ছাত্রকর্মীদের নিয়ে আল বদর বাহিনী গঠিত হয়েছিল। “আল বদর মুক্তিযুদ্ধবিরোধী অন্যান্য আধা-সামরিক বাহিনীর মতো ছিল না। এর সদস্যরা পাকিস্তানি বাহিনীর দ্বারা প্রশিক্ষিত ছিল,” বলেন তিনি। মিছবাহুর বলেন, জামায়াতের বর্তমান দ্বিতীয় শীর্ষ নেতা দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আল বদর বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। “এই বাহিনী পাকিস্তানি সেনাদের সঙ্গে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল এবং মুক্তিযুদ্ধের সমর্থক শক্তি ও ব্যক্তিদের গুম বা হত্যাকা-ে অংশ নিয়েছিল,” বলেন তিনি। এদিকে দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রোববার জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। মিছবাহুর রহমানের জামায়াত সম্পৃক্ততা মিছবাহুর জানান, ১৯৬৫ সালে জামায়াতের শিশু সংগঠন শাহীন ফৌজের যোগ দেওয়ার মাধ্যমে ১০ বছর বয়সে এ দলের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়। তিনি সংগঠনের স্থানীয় শাখার নেতৃত্ব দেন এবং স্বয়ংক্রিয়ভাবেই ছাত্র সংঘের সদস্যপদ লাভ করেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭৬ সালে ছাত্র সংঘের নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির করা হয়। এক সময়ের জামায়াতকর্মী মিছবাহুরের আশা ছিল, তার দল ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে। “কিন্তু, উল্টো তারা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ১৯৭১ সালের ২৬ মার্চে বাঙালি গণহত্যায় অংশ নেয়,” বলেন তিনি। জামায়াতে জড়িত হওয়ার মাধ্যম সিরাজুল ইসলাম মাতলিব নামে এক ব্যক্তির মিছবাহুরকে লেখা দুটি চিঠি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। নিজামী খুব খুশী হবে জানিয়ে ওই চিঠিতে সিরাজুল ইসলাম তাকে আল বদরে যোগ দেওয়ার অনুরোধ করেন। মিছবাহুর জানান, তার বাবা মুসলিম লীগ সমর্থক ছিলেন এবং তার জামায়াত ঘনিষ্ঠতা তার পছন্দ হয়নি। মুক্তিযুদ্ধের আগেই মৌলভীবাজারের গ্রামের বাড়ি থেকে তার বাবা তাকে লন্ডনে পাঠান জানিয়ে মিছবাহুর বলেন, তার মা অসুস্থ হয়ে পড়লে দুমাস পর যুদ্ধের মধ্যেই দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে যুদ্ধ শেষ হওয়ার পর তিনি আবার যুক্তরাজ্যে চলে যান। জামায়াতের অন্য নেতাদের সংশ্লিষ্টতা নিজামী ছাড়াও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জামায়াতের অন্যদেরও সংশ্লিষ্টতার কথা উঠে আসে মিছবাহুর রহমানের সাক্ষ্যে। মুক্তিযুদ্ধের সময় গোলাম আযমকে সৌদি আরবের রাজা ফয়সালের দরবারের দেখেছিলেন বলে জানান মিছবাহুর রহমান। তখন মুসলিম ছাত্র সংগঠনের যুব নেতা হিসেবে তিনি সৌদি বাদশাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। “আমি গোলাম আযম ও তার ভাই মোয়াজ্জেমকে সেখানে দেখেছিলাম এবং মুক্তিযোদ্ধারা মসজিদ ধ্বংস করেছিল বলে এই অধ্যাপককে (গোলাম আযম) বলতে শুনেছিলাম।” মিছবাহুর বলেন, দেশে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে এবং কোরআন অপ্রতুল হয়ে গেছে জানিয়ে পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য সৌদি রাজার কাছে জামায়াতের গুরুকে তহবিল চাইতে শুনেছেন তিনি। “এর পরেই গোলাম আযমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আমি বাদশাহকে বললাম যে বেশির ভাগ মুক্তিযোদ্ধাই মুসলিম হওয়ার কারণেই তারা মসজিদের কোনো ক্ষতি বা ধ্বংস করেনি,” বলেন তিনি। তার দুই ঘণ্টার সাক্ষ্যে প্রথম সাক্ষী জামায়াতের আমিরের প্রধান কৌঁসুলি ও দলের অন্যতম সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের নাম উল্লেখ করেন। তিন বলেন, এই আইনজীবী ১৯৭৬ সালের পরের দিকে তাকে একটি সভায় অংশ নিতে বলেন যেখানে গোলাম আযম উপস্থিত ছিলেন। “আমাকে সভায় ডাকায় আমি আব্দুর রাজ্জাকের ওপর একটু অসন্তুষ্ট হয়েছিলাম। কিন্তু ওই সভায় গিয়ে রাজ্জাকের বক্তব্য শুনে আমি জানতে পারলাম যে তিনিও আল বদরের অংশ ছিলেন এবং পাকিস্তানি সেনাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে একটি অফিসও চালাতেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২১৩৩ ঘ.