চট্টগ্রাম, অগাস্ট ২৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থক এক উপজেলা চেয়ারম্যান ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন।
নেতা-কর্মীরা তার কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেয়।
রোববার বেলা সোয়া ১১টার দিকে আনোয়ারা উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
উদ্ভূত পরিস্থিতিতে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক হোসেন চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সাওগাতকে উদ্ধার করে তার কার্যালয়ে নিয়ে যান।
আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগের সভাপতিম-লীর সাবেক সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউএনও ফারুক হোসেন বলেন, “দলীয় নেতা-কর্মীদের দুর্ব্যবহার ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে কথা বলায় উত্তেজিত ছাত্রলীগ নেতা-কর্মীরা এ কাজ করেছেন বলে দাবি করছে।”
এ বিষয়ে কথা বলতে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৬০১ ঘ.
bdnews24