২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকেই উদ্যোগ নিতে হবে: বিএনপি

“নির্দলীয় সরকার নিয়ে সংবিধানের বাতিল করা ত্রয়োদশ সংশোধনীই আমাদের দলের অবস্থান। বল এখন সরকারের কোর্টে”- বলেছেন বিএনপির মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর ভিত্তিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্দলীয় সরকার নিয়ে সংবিধানের বাতিল করা ত্রয়োদশ সংশোধনীই আমাদের দলের অবস্থান। বল এখন সরকারের কোর্টে। তাদেরই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।” ১৯৯০ সালে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। পরে এক রিট আবেদনে সর্বোচ্চ আদালত ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে এবং বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে। সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ‘সঙ্কট’ সৃষ্টি করেছে অভিযোগ করে ফখরুল বলেন, “নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। কারণ সংসদে ক্ষমতাসীন দলের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে শনিবার এর আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “নির্দলীয় নয়, দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।” নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং থেকে ফখরুল বলেন, নির্দলীয় সরকারের দাবি না মানলে ঈদের পর ‘তীব্র আন্দোলন’ গড়ে তোলা হবে। ঈদের পরের কর্মসূচি জানতে চাইলে ফখরুল বলেন, “দলের স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে।” এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “নির্দলীয় সরকার প্রশ্নে আমাদের অবস্থান পরিষ্কার। ওই সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, শুধু তা নিয়ে আলোচনা হতে পারে।” অর্ন্তর্বতীকালীন সরকার বিষয়ে প্রধানমন্ত্রীর বিবিসি বাংলাকে দেওয়া সক্ষাৎকার প্রসঙ্গে ফখরুল বলেন, “সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সংসদে কিংবা অন্য কোনোভাবে আমাদের কাছে প্রস্তাব দেননি।” অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন এবং বিভিন্ন অঙ্গসংগঠনের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা, এম এ মালেক, মনির খান, সাইফুল আলম নিরব, মীর শরফত আলী সুপু, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৪৪০ ঘ.