ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের আমীর ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়াম্যান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক মারা গেছেন।
বুধবার দুপুর পৌনে ১টায় রাজধানীর আজিমপুরে নিজের বাসায় তার মৃত্যু হয় বলে জানান ঐক্যজোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক মওলানা মো. ওয়াছেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আজিজুল হক। তার বয়স হয়েছিলো ৯৪ বছর।”
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
ওয়াছেল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় ঈদগাহে আজিজুল হকের জানাজা হবে।
তবে কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24