২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান’

অন্তর্বর্তী সরকারের গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে এই পথে এগোচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অন্তর্বর্তী সরকারের গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে এই পথে এগোচ্ছে। রোববার জাতীয় প্রেসক্লাবে এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা তার এই প্রস্তাব মানি না। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার জন্য এবং আবার ক্ষমতায় আসার জন্যই এই প্রস্তাব দিয়েছেন। আমরা এটা প্রত্যাখ্যান করছি।” সম্ú্রতি লন্ডনে বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। এজন্য বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরপর খালেদা জিয়ার্র্ অন্তবতীকালীন সরকারের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেও রোববারই তিনি সরাসরি তা প্রত্যাখ্যানের ঘোষণা দিলেন। বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সরকারের কড়া সমালোচনা করে ঈদের পর আন্দোলনের ঘোষণঅ দিয়ে তাতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ঈদের পর আমরা এক প্ল্যাটফর্মে সবাইকে এনে আন্দোলন শুরু করব।” দেশ এখন ‘কঠিন’ অবস্থার মধ্যে অতিক্রম করছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, “ক্ষমতাসীনদের মদদে সারাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি চলছে। যখন-তখন মানুষ হত্যা হচ্ছে। “সাড়ে তিন বছরে ১৬ জন সাংবাদিক হত্যা হয়েছে। সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি করা হচ্ছে।” বর্তমান সরকারের বিরুদ্ধে ‘অসাংবিধানিক’ কাজ করার অভিযোগ এনে তিনি বলেন, “দেশে আজ গণতন্ত্র বলতে কিছু নেই। তাই এই সরকারকে কোনোভাবে গণতান্ত্রিক সরকার বলা যাবে না।” দেশের অবকাঠামো উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, “যোগাযোগমন্ত্রী নিজেই চাঁদপুরে স্বীকার করেছেন, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়। তারা সাড়ে তিন বছরে সড়ক-মহাসড়কের কোনো সংস্কার করেনি।” “এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। সেজন্য ব্যর্থ ও অযোগ্য সরকারকে হটাতে আমাদের সংগ্রামে নামতে হবে,” পেশাজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। ইফতার অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের পাশাপাশি বিএনপি সমর্থিত পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতা ও দলীয় নেতারা অংশ নেন। মঞ্চে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, আমান উল্লাহ কবির, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আতিকুল আলম, মাহমুদুর রহমান, রেযোয়ান সিদ্দিকী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বারেক হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ। এছাড়া মঞ্চে ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমদ, জামায়াতে ইসলামীর এ কে এম নাজির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। ইফতারের কবি মাহমুদ শফিক, আবু সালেহ, সাংবাদিক আবদুল গফুর, মাহফুজ উল্লাহ, খন্দকার মনিরুল আলম, এম এ আজিজ, এলাহী নেওয়াজ খান সাজু, মোস্তফা কামাল মজুমদার, এস এম মেজবাহ উদ্দিন, কামরুল ইসলাম চৌধুরী, মাসুদুর রহমান খলিলী, সরদার ফরিদ আহমদ, কাজী রওনাক হোসেন, কাদের গনি চৌধুরী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়া ছিলেন। সাংবাদিক ইউনিয়নের এই ইফতারে রাজনৈতিক নেতাদের মধ্যে আরো ছিলেন বিএনপির আবদুস সালাম, শিরিন সুলতানা, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ, পিপলস পার্টির গরীবে নেওয়াজ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ-ভাসানীর শেখ আনোয়ারুল হক, মুসলিম লীগের আতিকুল ইসলাম, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক পাটির সাইফুদ্দিন মনি, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ। ইফতার শেষে খালেদা জিয়া প্রেসক্লাবে মাগরিবের নামাজ আদায়ের পর সাংবাদিক লাউঞ্জে চা-চক্রে মিলিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫৫ ঘ.