ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান বিধান অনুযায়ী নির্বাচন হলে এখনকার সংসদ সদস্যরা তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি সুবিধা পাবেন বলেই সংবিধান সংশোধনের প্রস্তাব তোলা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সংসদে বাজেট অধিবেশনে গত ২৫ জুন তোলা সংবিধান সংশোধনের প্রস্তাবের বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেন মহাজোটের এই নেতা।
পঞ্চদশ সংবিধান সংশোধনে গঠিত কমিটির সদস্য মেননের মতে, সংবিধানের ওই সংশোধন নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়; যদিও কমিটিতে এই বিষয়ে কথা না বলার জন্য মেননের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সংসদ সদস্য মেনন বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কোনো অবকাশ ছিল না। বরং সঙ্গতভাবেই পঞ্চদশ সংশোধনীতে এই বিধান বাদ দেওয়া হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে ’৭২-এর সংবিধানের যে বিধানে আমরা ফিরে গেছি, তা নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’ নয়।
“একটু লক্ষ্য করলেই দেখা যাবে সংবিধানের পুনঃপ্রবর্তিত ধারা ১২৩ (৩) অনুসারে সংসদের সময়সীমা শেষ হওয়ার তিন মাস আগে সংসদ নির্বাচনের বিধান রাখা হয়েছে। সংসদের বয়স পাঁচ বছর। তাহলে এই তিন মাস সংসদের অবস্থা (স্ট্যাটাস) কী হবে? সংসদকে কি ড্রিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে?”
“সে ক্ষেত্রে একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে এবং প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য পদপ্রার্থী সাধারণ নাগরিক হিসেবে নির্বাচন করবে। স্বাভাবিকভাবেই একজন সিটিং এমপি মানুষের কাছে, প্রশাসনের কাছে গুরুত্ব পাবে। এতে সিটিং এমপি ও ইনটেন্ডিং এমপির মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না,” বলেন তিনি।
এই ‘অসঙ্গতি’ দূর করা না হলে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলে ওয়ার্কার্স পার্টির সভাপতি মনে করেন।
সুরঞ্জিত অবশ্য মেননের শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছিলেন, ওই সময় সংসদ বসবে না এবং নির্বাচন কমিশনই সর্বেসর্বা থাকবেন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপিকে সংসদে যোগ দিয়ে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান মহাজোট নেতা মেনন।
সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননের সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস ও ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম গোলাপ, দীপংকর সাহা দিপু, রাগিব আহসান মুন্না, আব্দুল খালেক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৭২০ ঘ.
bdnews24