২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির অপসারণ চায় বিএনপিপন্থী আইনজীবীরাও

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে প্রধান বিচারপতির প্রতি আহবান জানিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে প্রধান বিচারপতির প্রতি আহবান জানিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “বিচার বিভাগ ও সংসদের মধ্যে টানাপোড়ন কাম্য নয়। তাই স্পিকার রুলিং দিয়েছেন।” রফিকুল বলেন, “বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ধরে রাখার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন প্রয়োজন। “রুলিংয়ে স্পিকার বলেছেন-ওই বিচারপতি সংবিধান লংঘন করেছেন। এবং স্পিকার সম্পর্কে যে উক্তি করেছেন তা তিনি করতে পারেন কিনা এ ব্যাপারে স্পিকার প্রশ্ন তুলেছেন,” বলেন বিএনপি নেতা। তিনি আরো বলেন, “স্পিকার বিষয়টি প্রধান বিচারপতির ওপর ছেড়ে দিয়েছেন। প্রধান বিচারপতি দেশে ফিরে স্পিকারের রুলিংয়ের আলোকে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।” গত ২৯ মে সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, আদালতের রায়ে ক্ষুদ্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। এই বক্তব্যের সমালোচনা করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী গত ৫ জুন আদালতে বলেন, “তিনি (স্পিকার) জনগণকে সুপ্রিম কোর্ট ও সরকারের বিরুদ্ধে উস্কে দিয়েছেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল অপরাধ।” সংসদ অধিবেশনে ওই বিচারকের সমালোচনায় মুখর হন সরকারি জোটভুক্ত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, মঈনউদ্দিন খান বাদল ও মুজিবুল হক। প্রসঙ্গত, স্বাধীনতার ঘোষকসহ হাইকোর্টের একাধিক আলোচিত রায়ের বিচারক শামসুদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বিএনপি নেতারা দীর্ঘদিন ধরে কট্টর সমালোচনা করে আসছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকটে জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, গাজী কামরুল ইসলাম সজল ও মির্জা আল মাহমুদ প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জিএনএ/১৬১২ ঘ.