২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারটি বই পাচ্ছেন গোলাম আযম

কারা হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন গোলাম আযমকে ইসলাম ধর্মীয় চারটি বই শিগগিরই সরবরাহের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন গোলাম আযমকে ইসলাম ধর্মীয় চারটি বই শিগগিরই সরবরাহের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধে গ্রেপ্তার জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমিরের আবেদনে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয়। গোলাম আযমকে তার পরিবারের সরবরাহ করা বই দেওয়ার আগের আদেশ বাস্তবায়ন না হওয়ায় উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেছে, বুধবারের আদেশের অনুলিপি হাতে পাওয়ার দুই দিনের মধ্যে কারা কর্তৃপক্ষকে তা কার্যকর করতে হবে। কুরআন, হাদিস, তাফসীর ও হযরত মুহাম্মদের জীবনী- এই চারটি বই গোলাম আযমকে দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার পাঁচ ধরনের অপরাধে গোলাম আযমকে অভিযুক্ত করে গত ১৩ মে তার বিচার শুরু হয়। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযমের নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠিত হয়েছিল। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও তার ছিল বলে অভিযোগ রয়েছে। একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খয়েরুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শাস্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম। গোলাম আযমকে বই সরবরাহের এই আদেশের পর ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে জেরা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/২২১৫ ঘ.