সাতক্ষীরা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আবারো বলেছেন, আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।
তিনি দাবি করেন, জনগণ তৃতীয় দল হিসেবে জাপাকে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি সরকারের আমলে দেশে শুধু উন্নয়ন হয়েছে। পরবর্তী সরকারগুলো কিছুই করেনি।
এবার ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর প্রতিশ্র“তিও দেন এরশাদ।
সোমবার বিকালে তালা সরকারি কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে এরশাদ এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতকে তালা-কলারোয়া আসনে জাপা প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এরশাদ।
সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, তার সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ ছিল। সে সময় লোডশেডিং কী তা কেউ বুঝতো না। আর আজ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোজনের বিষয়টি কথার কথায় পরিণত হয়েছে।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার,,সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, চিত্রনায়ক সোহেল রানা, হুইপ এইচএম গোলাম রেজা, ভাইস চেয়ারম্যান এম এ জব্বার, সাতক্ষীরা জেলা সভাপতি শেখ আজহার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৫৬ ঘ.
bdnews24